২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রের নিষেধাজ্ঞা মানছেন না শাটলের বগিভত্তিক গ্রুপের কর্মীরা

শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপের নামে দেওয়াল লিখন, টি-শার্ট, প্ল্যাকার্ড ও স্লোগান দেওয়া নিষিদ্ধ করা হলেও কেন্দ্রের সেই নির্দেশনা মানছেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 06:55 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

পুরনো খবর:

শাটল ট্রেনের বগির নামে প্ল্যাকার্ড-স্লোগানে ছাত্রলীগের মানা

রোববার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে কয়েকটি গ্রুপ-উপগ্রুপকে শাটলের বিভিন্ন বগির নামে টি-শার্ট পরে ক্যাম্পাসে অবস্থান করতে দেখা গেছে।

ভর্তি পরীক্ষার সময় শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন হিসেবে পরিচিত ‘বিজয়’, ‘ভিএক্স’ এবং ‘আরএস’ গ্রুপের কর্মীরা তাদের লোগোযুক্ত টি-শার্ট পড়ে ক্যাম্পাসে প্রচার চালান। তাদের কেউ কেউ প্ল্যাকার্ডও বিতরণ করেন।

‘ভিএক্স’ ও ‘আরএস’ গ্রুপ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিনের এবং ‘বিজয়’ গ্রুপের কর্মীরা প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

কেন্দ্রের নিষেধাজ্ঞা অমান্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নিষেধাজ্ঞা থাকার পরও এ ধরনের প্রচার ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, “কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রুপ-উপগ্রুপের নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

“চবি ছাত্রলীগ ভর্তি পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিচ্ছে। আর যারা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মানছে না, তারা চবি ছাত্রলীগের কেউ না। তারা তাদের ব্যক্তি এজেন্ডা বাস্তাবায়ন করছে।”

তিনি আরও জানান, যারা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অমান্য করে বগির প্রচার চালাচ্ছে, কেন্দ্রীয় কমিটিকে তাদের বিষয়ে জানানো হবে এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, “যারা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অমান্য করছে ভর্তি পরীক্ষা শেষ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

“চবিতে কোনো গ্রুপিং রাজনীতি চলবে না। আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করছি।”

ভিএক্স গ্রুপের নেতা সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, “আমরা কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মানতে বাধ্য। ভিএক্স বগিভিত্তিক নয় বরং সাংস্কৃতিক সংগঠন হিসেবে ক্যাম্পাসে প্রচার চালাচ্ছে।

“এই সংগঠনের সবাই ছাত্রলীগ করে বলেই তাদের টি-শার্টে ছাত্রলীগের লোগো রয়েছে। এই টি-শার্ট পড়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে না।”

গত ২২ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিতে দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ-উপগ্রুপের নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কথা জানানো হয়।