চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু রোববার
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে রোববার।
এই ইউনিটের এক হাজার ২২১টি আসনের বিপরীতে মোট ৪২ হাজার ৪ জন পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। ভর্তি পরীক্ষার সব প্রস্তুতির পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার সময় ক্যাম্পসে ভ্রাম্যমাণ আদালত থাকবে।এ বছর ক্যাম্পাসের বাইরে শুধুমাত্র হাটাহাজারী সরকারি কলেজ কেন্দ্রে 'ডি' ও 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
'এ', বি', সি, ও 'ডি' ইউনিটের পরীক্ষায় প্রথম শিফটের পরিক্ষার্থীদের সকাল ৯.৪৫ মিনিটে এবং দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের দুপুর ২:১৫ মিনিটে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।
উপ-ইউনিটের মধ্যে ‘বি ১’ ইউনিটের পরীক্ষা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রথম শিফটে এবং ‘ডি ১’ ইউনিটের পরীক্ষা ৩১ অক্টোবর দ্বিতীয় শিফটে হবে। এবারের ভর্তি পরীক্ষা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। রাস্তায় যানজট নিরসন ও ক্যম্পাসের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে ৭০০ পুলিশ মোতায়েন করা হবে। তাদের মধ্যে ৩০০ পুলিশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবে।
পরীক্ষা উপলক্ষে অটোরিকশা ও রিকশা ভাড়া এবং হোটেলের খাবারের দাম যাতে বাড়ানো না হয়, সে বিষয়ে নজরদারি করা হবে। ভর্তি পরীক্ষার আগে হলে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হলেও এবার তা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
