২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে চালক খুন: শ্রমিক ধর্মঘটে বন্ধ কনটেইনার পরিবহন

সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমের গ্যারেজে চালক খুনের প্রতিবাদে প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ হয়ে গেছে কনটেইনার পরিবহন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 01:26 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

পুরনো খবর:

সীতাকুণ্ডে ট্রাকচালক হত্যা: সাংসদের গ্যারেজ ফোরম্যানের বিরুদ্ধে মামলা
সীতাকুণ্ডে এমপির গ্যারেজে চালক খুন

সোমবার সকাল ছয়টা থেকে চট্টগ্রাম প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট শুরু হয়।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পাঁচদিন কেটে গেলেও মূল আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহুত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

“তাই গ্যারেজের ফোরম্যান মাসুমকে গ্রেপ্তার না করা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।”

আবু বক্কর সিদ্দিকী জানান, সারাদেশে প্রায় ১১ হাজার প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চলাচল করে, যার মধ্যে সাড়ে ছয় হাজারই চট্টগ্রামে।

“ধর্মঘটে চট্টগ্রাম থেকে কোন প্রাইম মুভার-ট্রেইলার কনটেইনার নিয়ে বাইরে যাচ্ছে না এবং বাইরে থেকেও কোনো কনটেইনার চট্টগ্রামে আসছেনা,” বলেন এই শ্রমিক নেতা।

সকালে নগরীর সল্টগোলা মোড়ে মিছিল করছে প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চালক- শ্রমিকরা।

বুধবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার টোল রোডে শুকতার রেস্টুরেন্টের বিপরীতে সাংসদ দিদারের মালিকানাধীন গ্যারেজ মেসার্স দিদারুল আলম ব্রাদার্সে গুলি করা হয় প্রাইম মুভার চালক শাহজাহান সাজুকে। 

শাহজাহানের সহকর্মীদের অভিযোগ, গাড়ির ব্যাটারি আনতে গিয়ে গ্যারেজের ফোরম্যান মাসুমের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম তার পেটে গুলি করে। ঘটনার পরপর সহকর্মীরা শাহজাহানকে প্রথমে তাকে বেসরকারি আল আমিন হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিকালে চট্টগ্রাম মেডিকেলে মারা যান শাহজাহান।

এ ঘটনায় দিদারের মালিকানাধীন গ্যারেজের ফোরম্যান মাসুমকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন নিহতের স্ত্রী শাহিদা আক্তার।

হত্যাকাণ্ডের পরদিন থেকে সাংসদের মালিকানাধীন তিন শতাধিক প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চালানো বন্ধ রাখেন সেখানকার চালকরা।