সীতাকুণ্ডে এমপির গ্যারেজে চালক খুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমের মালিকানাধীন একটি গ্যারেজে গুলিতে এক প্রাইম মুভার চালক নিহত হয়েছেন।
বুধবার বিকালের এ ঘটনার পর মধ্যরাত পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি, কার গুলিতে চালক শাহজাহান সাজু (৪৮) নিহত হয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে খুনি গ্রেপ্তার না হলে সারাদেশে প্রাইম মুভার ও ট্রেইলার চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।
সাজু আওয়ামী লীগ সংসদ সদস্য দিদারুলের মালিকানাধীন মেসার্স দিদারুল আলম এন্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানের অধীনে গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ডের কালু শাহ মাজার এলাকার কাছে বন্দর টোল রোডের শুকতারা হোটেলের বিপরীতে মেসার্স দিদারুল আলম এন্ড ব্রাদার্সের ট্রাক-লরির গ্যারেজে খুনের ঘটনা ঘটে।
নিহত সাজু নোয়াখালীর সেনবাগের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালীর হাট সংলগ্ন এলাকার বাসায় থাকতেন।
বিকালে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে আল আমীন হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।
বিকাল ৫টার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ।
সাজুর সহকর্মী মো হেলাল হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাজুর গাড়ির ব্যাটারি নষ্ট হওয়ায় সে ব্যাটারি নিতে গ্যারেজের ফোরম্যান মাসুমের কাছে যায়। তখন আমরা গ্যারেজের বাইরে ছিলাম।
“বাইরে থেকে কথা কাটাকাটির শোরগোল শুনেছি। হঠাৎ একটা শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি সাজু মাটিতে পড়ে আছে।”
সাজুর আরেক সহকর্মী ইসরাফিল বলেন, “হঠাৎ তাকে পড়ে যেতে দেখে দৌড়ে গিয়ে ধরি। তারপর কয়েকজন মিলে আল আমিন হাসপাতালে নিয়ে যাই।"
নিহত শাজাহান সাজুর পেটে গুলি লাগে।
নিহতের ছেলে নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবা ১৫-১৬ বছর ধরে ওই প্রতিষ্ঠানে কাজ করছেন। বিকেলে প্রতিষ্ঠানের একজন ফোন দিয়ে জানায় যে ‘বাবা অসুস্থ, মেডিকেলে আছে’।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বিডিনিউজ টোঢেন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থলে গিয়েছি। তাকে কে গুলি করেছে সে বিষয়ে তদন্ত চলছে। বিভিন্ন রকম তথ্য আমরা পাচ্ছি। তবে এখনও বিষয়টি স্পষ্ট নয়।"
ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক সাংসদ দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢাকায় ছিলাম। সেখানে বেজা'র সভা ছিল। রাতে ৯টার দিকে ফিরেছি।
“ঘটনা ঘটেছে বলে শুনেছি। কে বা কারা তাকে গুলি করেছে। থানায় বলেছি, এ ঘটনায় মামলা নিতে। তার স্ত্রী মামলা করতে যাচ্ছেন।"
চট্টগ্রাম প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল ভোর ৬টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে সকাল থেকে সারাদেশে প্রাইম মুভার ও ট্রেইলার চলাচল বন্ধ করে দেওয়া হবে।”
