সীতাকুণ্ডে ট্রাকচালক হত্যা: সাংসদের গ্যারেজ ফোরম্যানের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাংসদ দিদারুল আলমের মালিকানাধীন গ্যারেজে প্রাইম মুভার ট্রাকের চালক শাহজাহানকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
নিহতের স্ত্রী শাহিদা আক্তার বাদি হয়ে বুধবার রাতে সীতাকুণ্ড থানায় ওই গ্যারেজের ফোরম্যান মো. মাসুমকে (২৮) আসামি করে মামলাটি করেন বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ জানিয়েছেন।
এদিকে সহকর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে কর্মবিরতি দিয়েছেন সাংসদ দিদারের মালিকানাধীন তাহসিন এন্টারপ্রাইজের প্রাইম মুভার টাক ও ট্রেইলার চালকরা।
পরিদর্শক (তদন্ত) শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে মুমুর্ষ অবস্থায় শাহজাহান ঘটনাটি তার স্ত্রীর কাছে জানিয়েছে। পূর্ব শত্রুতার জেরে মাসুম চালক শাহজাহানকে গুলি করে হত্যা করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।”
বুধবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার টোল রোডে শুকতার রেস্টুরেন্টের বিপরীতে সাংসদ দিদারের মালিকানাধীন গ্যারেজ মেসার্স দিদারুল আলম ব্রাদার্সে শাহজাহানকে গুলি করা হয়। নগরীর বেসরকারি আল আমিন হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহজাহানের সহকর্মীদের অভিযোগ, গাড়ির ব্যাটারি আনতে গিয়ে গ্যারেজের ফোরম্যান মাসুমের সাথে তার কথাকাটাকাটি হয়। এসময় মাসুম তার পেটে গুলি করে।
চট্টগ্রাম প্রাইম মুভার, ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা হত্যাকারীকে ধরতে ভোর ৬টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি।”
আসামিকে গ্রেপ্তার করতে না পারা পর্যন্ত সাংসদের মালিকানাধীন তিন শতাধিক প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
“বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জরুরি সভা ডেকেছে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
