সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন গুলিবিদ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে গোলাগুলির ওই ঘটনায় আহত দুজন ‘পেশাদার ডাকাত’।
মো. বাবুল ওরফে পিস্তল বাবুল ওরফে ইসহাক (৩৫) ও আব্দুল বারেক ওরফে পেয়ারু (৩৬) নামের ওই দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ফাহিম ইসলাম (৩২) ও জাহাঙ্গীর আলম (৪০) নামে আরও দুইজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “জঙ্গল সলিমপুরে বিভিন্ন ডাকাতি মামলার আসামি রোকন উদ্দিন তার সহযোগীদের নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
তবে ওই ‘ডাকাত দলের’ নেতা রোকন কয়েকজন সহযোগীসহ পালিয়ে গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘটনাস্থল থেকে তিনটি পাইপগান, একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার বাবলুর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি ও অস্ত্র আইনে আটটি, ফাহিমের বিরুদ্ধে ১০টি এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি করে মামলা আছে। আর পলাতক রোকনের বিরুদ্ধে ২২টি মামলা থাকার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
