চবিতে ৬ দফা দাবিতে আইএফইএসসিইউ’র শিক্ষার্থীদের আন্দোলন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান আইন সংশোধনে ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে এর ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের (আইএফইএসসিইউ) শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১টা থেকে শতাধিক শিক্ষার্থী আইএফইএসসিইউর একাডেমিক ভবনে অবস্থান নিয়ে নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
তাদের দাবি, এই ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সে অকৃতকার্য শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল না করে ‘ক্রেডিট লস সিস্টেম’ চালু করা হোক।
আন্দোলনকারী শিক্ষার্থী আসিফ মঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বিভাগে ক্রেডিট লস সিস্টেম চালু থাকলেও, এই ইনস্টিটিউশনের ৫৮টি কোর্সের কোনোটিতে এক ছাত্র দুইবার অকৃতকার্য হলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়, যা শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য।”
বর্তমানের অর্ডিন্যান্স বাতিল করে ‘ক্রেডিট লস সিস্টেম’ চালুসহ সকল সমস্যা সমাধানের জন্য এ আন্দোলন বলে জানান আসিফ।
এদিন সকাল থেকে ইনস্টিটিউটটির তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর দুটি সেমিস্টারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. দানেশ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে একাডেমিক মিটিংয়ের মাধ্যমে তাদের আগামী পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।”
শিক্ষার্থীদের যেসব দাবি ‘যৌক্তিক’ সেগুলো একাডেমিক সভায় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের এই ইনস্টিটিউট ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
