শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে লঙ্কান দুই যুদ্ধজাহাজ
চারদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ জাহাজ ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’।
সোমবার সকালে জাহাজ দুটি চট্টগ্রামের ড্রাইডক জেটিতে এসে পৌঁছায়।
শ্রীলঙ্কান নৌবাহিনীর কোনো জাহাজ এবারই প্রথম শুভেচ্ছা সফরে বাংলাদেশে এলো।
জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘দুর্জয়’ তাদের স্বাগত জানায়।
এরপর ড্রাইডকে পৌঁছালে জাহাজ দুটিকে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে স্বাগত জানায়।
শ্রীলঙ্কান যুদ্ধজাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৪৭ জন নৌসদস্য আছেন বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
তাদের ফুল দিয়ে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ।
বাংলাদেশে জাহাজ দুটির দুই অধিনায়ক চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাশাপাশি জাহাজ দুটির কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সম্দ্র জয়’, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড টেকটিক্স (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন পর্যটন এলাকার পরিদর্শন করবেন।
