২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক ফারুকের পক্ষে চবি শিক্ষক সমিতির বিবৃতি

দুধ নিয়ে গবেষণার ফল নিয়ে সরকারি এক কর্মকর্তার হুমকির মুখে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্স সেন্টারের সদ্য সাবেক পরিচালক অধ্যাপক আ ব ম ফারুকের পক্ষে অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 09:35 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

বিবৃতিতে গবেষণায় ফল প্রকাশের হুমকি দেওয়ায় তা গবেষকদের গবেষণায় নিরুৎসাহিত করাসহ দেশের উন্নয়ন, অগ্রযাত্রার জন্য 'অশনি সংকেত' বলে মন্তব্য করা হয়েছে।

অধ্যাপক ফারুক গত ২৫ জুন এক সংবাদ সম্মেলনে বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি প্যাকেটজাত (পাস্তুরিত) দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়ার কথা জানানোর পর শুরু হয় আলোচনা।

প্রাণিসম্পদ অধিদপ্তর ওই গবেষণা নিয়েই প্রশ্ন তোলে। আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন। তাকে পাশে রেখে সংবাদ সম্মেলনে দুগ্ধ ব্যবসায়ীরা দাবি করেন, এই গবেষণা দেশের দুগ্ধ শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক।

এরপর অধ্যাপক ফারুকের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন হয়।

তার পর রোববার শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ড. অঞ্জন কুমার চৌধুরীর স্বাক্ষরে বিবৃতিটি আসে।

বিবৃতিতে বলা হয়, “একজন সম্মানিত অধ্যাপককে হুমকি দিয়ে শুধু একজন অধ্যাপককেই অসম্মানিত করা হয়নি, বরং সমগ্র শিক্ষক সমাজকেই অসম্মানিত করা হয়েছে।

“এ ধরনের হুমকি গবেষকের স্বাধীনতায় হস্তক্ষেপের পাশাপাশি ভবিষ্যতে গবেষণাকে নিরুৎসাহিত করতে পারে, যা দেশের উন্নয়ন, অগ্রযাত্রার জন্য অশনি সঙ্কেত।

“একটি টেলিভিশন টক-শোতে অধ্যাপক ফারুকের সঙ্গে ওই কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেন। একজন খ্যাতিমান গবেষকের প্রতি একজন সরকারি পদস্থ কর্মকর্তার এহেন আচরণ অনাকাঙ্ক্ষিত ও শিষ্টাচার বহির্ভূত।”

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক ফারুক দায়বদ্ধতা থেকে জনস্বার্থে যে গবেষণা করেছেন, সেজন্য তাকে সাধুবাদ জানানো উচিত।

“একই সঙ্গে জনস্বার্থকে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দুধে অ্যান্টিবায়োটিকসহ মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদানের উপস্থিতি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”

শিক্ষক সমিতির বিবৃতিতে পদ্মা সেতু নিয়ে ‘কুচক্রী মহলের’ গুজবে বিভ্রান্ত না হতে এবং গণপিটুনির মতো ঘটনা না ঘটাতে সবার প্রতি আহ্বান জানানো হয়।