২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেধরা সন্দেহে আটক; ৯৯৯ এ ফোনে উদ্ধার

জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চট্টগ্রামের রাউজানে মানসিক ভারসাম্যহীন্‌ এক নারীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ, যাকে ছেলেধরা সন্দেহ করেছিল এলাকাবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 09:18 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী এক ব্যক্তির বাড়িতে গিয়ে নিজের সন্তানদের খোঁজ করলে এলাকাবাসী তাকে ছেলেধরা সন্দেহে ধরে ৯৯৯- এ ফোন করে।

“আমরা তাকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করি।”

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, বছর ছয়েক আগে ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকে চিকদাইর ইউনিয়নে বাবার বাড়িতে ভাইদের সঙ্গে থাকেন ওই নারী। অভাবের সংসারে দুই বছর আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন তার ১২ ও ৮ বছর বয়েসী দুই সন্তানকে সরকারি শিশু পরিবারে রেখে আসেন স্বজনরা।

তারপর থেকে সন্তানদের খোঁজে মাঝে-মাঝেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই নারী।

গত কয়েক সপ্তাহে গণপিটুনিতে কয়েকটি মৃত্যু ঘটার প্রেক্ষাপটে সন্দেহের উপর ভিত্তি করে আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছিল সরকার।

পুরনো খবর:

সন্দেহ হলে গণপিটুনি নয়, ৯৯৯ এ জানাতে পরামর্শ