২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: চট্টগ্রামে ৫৪ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫৪ হাজার ২৭৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 09:52 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

মোট ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী তাদের এই পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে এ আবেদন জমা পড়েছে। ১০ অগাস্ট পুনঃনিরীক্ষণের ফলাফল দেওয়া হবে।

শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবছর সবচেয়ে বেশি উত্তরপত্র পুণঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে ইংরেজিতে। এ বিষয়ের আবেদন জমা পড়েছে প্রথম পত্রে ৭ হাজার ১৬৬টি ও দ্বিতীয় পত্রে ৫ হাজার ৮৪৯টি।

এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৪ হাজার ৩১৪টি এবং বাংলা প্রথম পত্রে ৩ হাজার ৪৮৭ ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ১০০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

এদিকে বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা প্রথম পত্রে ৩ হাজার ৩১০ ও দ্বিতীয় পত্রে ২ হাজার ৮৪০টি, রসায়ন প্রথম পত্রে ২ হাজার ৯১৪, দ্বিতীয় পত্রে ২ হাজার ৫৩২টি, জীব বিজ্ঞান প্রথম পত্রে ২ হাজার ৬১৫টি, দ্বিতীয় পত্রে ২ হাজার ২০৭টি এবং গণিত প্রথম পত্রে ১ হাজার ৮০১টি ও দ্বিতীয় পত্রে ১ হাজার ৫৩০টি।

এদিকে ব্যবসায় শিক্ষা শাখায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ১ হাজার ২০৭ ও দ্বিতীয় পত্রে ৮৭২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

চট্টগ্রামে এবছর পাসের হার ৬২ দশমিক ৭৩ শতাংশ, যা সাধারণ শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সর্বনিম্ন।

ফলাফল ঘোষণার পর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানিয়েছিলেন, ইংরজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয় দুইটিতে খারাপ শিক্ষার্থীরা ফলাফল খারাপ করায় চট্টগ্রাম বোর্ডের পাসের হার সর্বনিম্ন।  

আইসিটিতে এবছর বিজ্ঞান বিভাগ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ৯৬ দশমিক ৪৬ শতাংশ পাস করলেও মানবিকে ৭৪ দশমিক ২০ ও ব্যবসায় শিক্ষা শাথা থেকে ৮৩ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

এছাড়া ইংরেজিতে মানবিকে ৬৬ দশমিক ৩৭, ব্যবসায় শিক্ষায় শাখায় ৮০ দশমিক ৯১ শতাংশ পাস করেছে। যেখানে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ৯৭ দশমিক ০৭ শতাংশ পরীক্ষার্থী।

পুরনো খবর:

এইচএসসি: চট্টগ্রামে বেড়েছে জিপিএ-৫
এইচএসসি: যে কারণে চট্টগ্রামে পাস কম