পায়েল হত্যা মামলা চট্টগ্রামের আদালতে থাকছে না
চট্টগ্রামের আদালতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইদুর রহমান পায়েল হত্যা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে হাই কোর্ট।
দুই আসামির করা এক আবেদনে হাই কোর্টের একটি বেঞ্চ সম্প্রতি এ আদেশ দেয়। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে সোমবার মামলাটির শুনানির ধার্য দিনে বাদী পক্ষ বিষয়টি জানতে পারে।
এই স্থগিতাদেশের ফলে চট্টগ্রামের এ আদালতে মামলাটির বিচার কাজ আর চলবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিমের আদালতে এখন পর্যন্ত এ মামলায় নয় জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট ছয় মাসের জন্য চট্টগ্রামের আদালতে এ মামলার কার্যক্রম পরিচালনায় স্থগিতাদেশ দিয়েছেন। পাশাপাশি সরকার চাইলে ঢাকা বিভাগের যে কোনো দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তরে কোনো বাধা নেই বলে আদালতের নির্দেশনায় বলা হয়েছে।”
চট্টগ্রামের আদালতে মামলার বিচার চলা নিয়ে আপত্তি জানিয়ে হাই কোর্টে ওই আবেদন করেছিলেন এ মামলার আসামি জামাল হোসেন ও ফয়সাল হোসেন।
তাদের যুক্তি ছিল, মামলাটি যেহেতু মুন্সীগঞ্জের গজারিয়া থানায় করা হয়েছে, সেহেতু চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচার চলতে পারে না।
বাদীপক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনছারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টে বলেছে- যে স্মারকের মাধ্যমে মামলাটি চট্টগ্রামের আদালতে পাঠানো হয়েছে তা বৈধ হয়নি। স্থগিতাদেশের কারণে আপাতত মামলার কার্যক্রম এ আদালতে হবে না। বাদী পক্ষের সাথে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।”
পায়েলের মামা ফাহাদ চৌধুরী দিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার সাক্ষ্যগ্রহণ এখন শেষ পর্যায়ে। এই অবস্থায় হাই কোর্ট একটি আদেশ দিয়েছে। আমরা আইনজীবীদের সাথে আলোচনা করে উচ্চ আদালতের দারস্থ হব।”
গত বছরের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিন শান্তর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন সাইদুর রহমান পায়েল। ২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে তার লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।
হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার জনিকে ঢাকার মতিঝিল এবং চালক জামাল হোসেন ও তার সহকারী ফয়সাল হোসেনকে আরামবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জামাল হোসেন ও ফয়সাল হোসেন দুই ভাই।
পায়েলের মৃত্যুর পর তার মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব বাদী হয়ে চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। গজারিয়া থানার পুলিশ ওই তিনজনকে আসামি করেই গত ৩ অক্টোবর অভিযোগপত্র দেয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচার কাজ শুরু হলেও পরে পরিবারের আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত বছর ২৪ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেয়।
‘জনস্বার্থে’ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২ এর ৬ ধারা অনুসারে আদেশটি দেওয়া হয় বলে সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মামলাটি চট্টগ্রামের আদালতে আসার পর বাদী সরোয়ার্দী বিপ্লব, পায়েলের দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিন শান্ত, পায়েলের মা কোহিনূর বেগম, মামা ফাহাদ চৌধুরী দিপু ও ভাগ্নিপতি আইয়ুব আলী, গজারিয়া থানার এসআই ও পায়েলের সুরতহালকারী সফর আলী, পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাওয়া পুলিশ সদস্য আসাদুজ্জামান, ময়নাতদন্তকারী চিকিৎসক গাজীপুর জেলা হাসপাতালের আরএমও ডা. সাখাওয়াত হোসেনসহ মোট নয়জন সাক্ষ্য দেন।
পায়েলের বাবা গোলাম মাওলা ও বড় ভাই গোলাম মোস্তফা কাতারে থাকেন। তাদের বাসা চট্টগ্রামের হালিশহর এলাকায়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েল বড় ভাইয়ের সন্তান হওয়ার খবরে গতবছর জুলাই মাসে চট্টগ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে নিহত হন তিনি।
আদালতে গ্রেপ্তার আসামিদের দেওয়া জবানবন্দির বরাতে পুলিশ জানায়, গজারিয়া এলাকায় গাড়ি যানজটে পড়ায় প্রসাব করার কথা বলে বাস থেকে নেমেছিলেন পায়েল। বাস চলতে শুরু করলে তিনি দৌড়ে এসে ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা খেয়ে সংজ্ঞা হারান। নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখে তাকে হাসপাতালে নেওয়ার বদলে দায় এড়াতে ভাটেরচর সেতু থেকে নিচের খালে ফেলে বাস নিয়ে ঢাকায় চলে আসেন চালক ও সুপারভাইজার।
পায়েলকে অচেতন অবস্থায় সেতু থেকে খালে ফেলে দেওয়ার আগে পরিচয় লুকাতে হানিফ পরিবহনের বাসের চালক ওই তরুণের মুখ থেঁতলে দিয়েছিলেন বলেও অভিযোগ করে তার পরিবার।
