পায়েল হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলার বিচার শুরু হয়েছে।
সোমবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিমের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী নিহতের মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব। পরে আসামির আইনজীবী তাকে জেরা করেন।
বাদী পক্ষের আইনজীবী মনজুর আহমেদ আনছারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বাদীর সাক্ষ্য ও জেরা শেষে আগামী ১৬ এপ্রিল পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে।
মামলার আসামি বাসচালক জামাল হোসেনের ড্রাইভিং লাইসেন্স ফেরত দেওয়ার আবেদন আদালত নাকচ করেন বলে জানান এই আইনজীবী।
সাক্ষ্যে বাদী আদালতে ঘটনার পূর্বাপর বর্ণনা করেন।
ঘটনার পরদিন ভোরে টেলিফোনে পায়েলকে না পেয়ে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে চালক ও সুপারভাইজারের ফোন নম্বর জোগাড় করে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা একেকবার একেক রকম তথ্য দেয় বলে জানান তিনি।
মামলার তিন আসামি বাসচালক জামাল হোসেন, সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনি সোমবার আদালতে হাজির ছিলেন।
গত ২ এপ্রিল এই আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত বছরের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিনের সঙ্গে হানিফের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল।
২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।
এরপর হানিফ পরিবহনের ওই বাসের সুপারভাইজার জনিকে ঢাকার মতিঝিল এবং চালক জামাল ও তার সহকারী ফয়সালকে আরামবাগ থেকে গ্রেপ্তার করা হয়।
আদালতে তাদের জবানবন্দির বরাতে পুলিশ জানায়, গজারিয়া এলাকায় গাড়ি যানজটে পড়ায় প্রস্রাব করার কথা বলে বাস থেকে নেমেছিলেন পায়েল। বাস চলতে শুরু করলে তিনি দৌড়ে এসে ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা খেয়ে সংজ্ঞা হারান। নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখে তাকে হাসপাতালে নেওয়ার বদলে দায় এড়াতে ভাটেরচর সেতু থেকে নিচের খালে ফেলে দিয়ে বাস নিয়ে ঢাকায় চলে আসেন চালক ও সুপারভাইজার।
পায়েলকে অচেতন অবস্থায় সেতু থেকে খালে ফেলে দেওয়ার আগে পরিচয় লুকাতে বাসের চালক ওই তরুণের মুখ থেঁতলে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছে তার পরিবার।
বাম থেকে আসামি বাসচালক জামাল হোসেন, তার সহকারী ফয়সাল হোসেন ও বাসের সুপারভাইজর জনি
পায়েলের বাবা গোলাম মাওলা ও বড় ভাই গোলাম মোস্তফা কাতার প্রবাসী। বড় ভাইয়ের সন্তান হওয়ার খবরে জুলাই মাসে চট্টগ্রামে গিয়েছিলেন পায়েল। সেখান থেকে ঢাকায় ফেরার পথেই ঘটে ওই ঘটনা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র পায়েলের বাসা চট্টগ্রামের হালিশহর সিডিএ আবাসিক এলাকায়।
পায়েলের মৃত্যুর পর তার মামা বিপ্লব বাদী হয়ে চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
গজারিয়া থানার পুলিশ ওই তিন জনকে আসামি করে ৩ অক্টোবর অভিযোগপত্র জমা দেয়। মুসিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচার কাজ শুরু হয়।
পরে পায়েলের পরিবারের আবেদনে গত বছরের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে।
এর আগে ১৮ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেন বাসচালক জামাল ও সহকারী ফয়সাল। পরে জনিও উচ্চ আদালত থেকে জামিন নেন।
তবে গত ২০ মার্চ চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাদের জামিন বাতিল করে।
