চট্টগ্রাম কারাগারে অমিত মুহুরী নিহতের ঘটনায় মামলা
মারামারিতে সন্ত্রাসী অমিত কুমার মুহুরীর নিহতের ঘটনায় মামলা করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানায় চট্টগ্রাম মামলা করেন কারাগারের জেলার নাসির আহমেদ।
কারাগারে যার সঙ্গে ‘মারামারিতে’ অমিত নিহত হয়েছেন, সেই রিপন নাথকেই (২৭) মামলায় একমাত্র আসামি করা হয়েছে বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
সীতাকুণ্ড উপজেলার মৃত নারায়ণ চন্দ্র নাথের ছেলে রিপন পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
গত ৯ এপ্রিল পাহাড়তলীর সাগরিকা এলাকায় অর্গানিক জিন্স নামের একটি পোশাক কারখানায় ছুরি নিয়ে ঢুকে বেশকিছু কর্মীকে জিম্মি করার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন রিপন নাথ। অশোভন আচরণের জন্য তাকে ওই কারখানা থেকে ছাঁটাই করা হয়েছিল।
কারাগারে মারামারির পর বুধবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই বছর আগে বন্ধুকে খুন করে লাশ ড্রামে ভরে দিঘীর পানিতে ডুবিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবলীগকর্মী অমিত মুহুরী।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলের একটি কক্ষে থাকতেন অমিত মুহুরী ও অপর দুই কয়েদী রিপন নাথ ও বেলাল।
জেলার নাসির আহমেদের ভাষ্য, রাত ১০টার দিকে ৩২ নম্বর সেলের ওই কক্ষে কথা কাটাকাটির জেরে অমিত মুহুরীকে ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে রিপন। কারারক্ষীরা গুরুতর আহত অমিতকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
রাতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খুরশীদ আনোয়ার চৌধুরী বলেছিলেন, মাথায় গুরুতর জখম অবস্থায় অমিতকে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় ২৬টি সেলাই পড়ে। ভঅরি কোন বস্থু দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছে।
মারামারির কারণ এবং কারাকক্ষের ভেতরে ইট কিভাবে আসলো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার নাসির আহমেদ।
