২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার প্রবাসীদের বিষয়ে আন্তরিক: নজরুল

সরকার প্রবাসীদের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি আন্তরিক বলে দাবি করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2019, 08:30 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

সোমবার চট্টগ্রামে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন চন্দনাইশের এই সংসদ সদস্য।

নজরুল বলেন, প্রবাসীদের সব ধরনের হয়রানি পুরোপুরি ঠিক হয়ে গেছে বলা যাবে না। কিন্তু সরকারের নানা উদ্যোগের কারণে হয়রানি আগের চেয়ে অনেক কমেছে।

তিনি বলেন, প্রবাসীরা প্রতি বছর জিডিপিতে নয় দশমিক ছয় শতাংশ অবদান রাখছে। প্রতিবছর রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। তা বাড়ার পেছনে সরকারেরও ভূমিকা রয়েছে। বিমানবন্দরে হয়রানি আগের চেয়ে অনেক কমেছে।

সরকারের একার পক্ষে প্রবাসীদের সকল সমস্যা সমাধান সম্ভব নয় মন্তব্য করে নজরুল বলেন, সব পক্ষকে এজন্য এগিয়ে আসতে হবে।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজিত ‘শ্রম অভিবাসন : পরিপ্রেক্ষিত জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থাটির চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ।

এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম আর্চ ডায়োসিসের বিশপ মজেস কস্তা, বাংলাদেশ-কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ নওরিন সুলতানা, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, কারিতাসের প্রোগ্রাম অফিসার এমদাদুর ইসলাম চৌধুরী ও শ্যামল মজুমদার।