২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে তিন কেজি সোনাসহ চীনা নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে কাস্টমস কর্তারা ২৪টি সোনার বার উদ্ধার করেছেন, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2019, 01:24 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

Image
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

বুধবার সকাল সোয়া সাতটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দু্বাই থেকে চট্টগ্রামে আসেন চীনা নাগরিক ফান রঙ্গুই। তিনি চীনের গুয়াংজু প্রদেশের বাসিন্দা।

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার নূরউদ্দিন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই চীনা নাগরিকের কাছ থেকে উদ্ধার করা ২৪টি সোনারের আনুমানিক ওজন দুই কেজি আটশ গ্রাম।”

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং সারওয়ার-ই জামান বলেন, বাংলাদেশ বিমানের বিজি১৪৮ ফ্লাইটে ওই চীনা নাগরিক চট্টগ্রামে আসেন।

“তার কাছে থাকা একটি চার্জার লাইটের ভিতরে সোনার বারগুলো পাওয়া গেছে। স্ক্যানিংয়ে বিষয়টি ধরা পড়ে।”

কাস্টমস কর্মকর্তা নূরউদ্দিন মিলন জানান, ফান রঙ্গুই গতবছর থেকে এ পর্যন্ত ৪৩ বার বাংলাদেশে আসা-যাওয়া করেছেন।  

তার এই ঘনঘন বাংলাদেশে আসা-যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, “আটক চীনা নাগরিক কোনো সংঘবদ্ধ সোনা চোরাচালানকারী চক্রের সদস্য বলে আমাদের ধারণা।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নূরউদ্দিন মিলন বলেন, “দুবাই থেকে সংগ্রহ করা সোনার বারগুলো নিয়ে তার চট্টগ্রাম শহরের একটি হোটেলে ওঠার কথা ছিল।”

আটক চীনা নাগরিক ফান রঙ্গুইকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।