জবাবদিহিতার প্রতিশ্রুতি নতুন সিডিএ চেয়ারম্যানের
দায়িত্ব গ্রহণ করে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার’ সঙ্গে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
সোমবার সকালে সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব নেন দোভাষ। এরপর সিডিএ সভাকক্ষে এক সুধী সমাবেশে যোগ দেন তিনি।
দোভাষ বলেন, “জনগণ সিডিএকে জনবান্ধব সংস্থা হিসেবে দেখতে চায়। জনগণের এই আশা বাস্তবায়ন করাই আমাদের সমন্বিত দায়িত্ব। সিডিএ’র সমস্ত কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসতে হবে।
“চলমান উন্নয়ন প্রকল্পগুলো অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে বাস্তবায়িত হবে।”
গত প্রায় এক দশক ধরে সিডিএর দায়িত্বে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম; এবার সেই দায়িত্বে আসা দোভাষ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।
দোভাষ নগরবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, সাধ ও সাধ্যের একটা সীমা আছে। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সময়ের ব্যাপারটাও বিবেচনায় আনতে হবে।
“আমরা জানি এ নগরীর প্রধান সমস্যা ও দুঃখ-দুর্দশা হচ্ছে জলাবদ্ধতা। চট্টগ্রাম শহরকে জলাবদ্ধতা মুক্ত করতে প্রধানমন্ত্রী পাঁচ হাজার কোটি টাকার মেগাপ্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। যার কার্যক্রম সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইতোমধ্যে শুরু হয়েছে।”
তিনি বলেন, “সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব আবদুচ ছালাম সাহেবের বক্তব্যে আমরা জানতে পারি, নগরী এ বছরে জলাবদ্ধতা মুক্ত হবে না এবং এর সুফল পেতে হলে আর তিন/চার বছর সময় লাগবে।
“তবে আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করছি এ প্রকল্প যথাশীঘ্রই সম্ভব বাস্তবায়ন করে চট্টগ্রাম নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ হতে মুক্ত করব।”
সিডিএ সচিব তাহেরা ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন সিডিএর বোর্ড সদস্য মো. গিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুথ।
এরপর নতুন চেয়ারম্যান সিডিএ’র কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় সভা করেন।
