চট্টগ্রামে অস্ত্রের মহড়ায় প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেপ্তার ৪
চট্টগ্রামে সরকারি ঠিকাদারি কাজে নিয়ন্ত্রণ নিতে এলাকায় অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- খালিদ হাসান অন্তর (১৯), জুয়েল হোসেন (২২), বাদশা আলম (২৪) এবং আসিফুজ্জামান আসিফ (২১)।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একদল লোক কলোনিতে উত্তেজনা সৃষ্টি করে।
“এসময় পুলিশ গিয়ে সেখান থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, কিরিচ ও লাঠিসহ চারজনকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তার চারজনসহ অন্তত ২৫ থেকে ৩০ জন লোক সিজিএস কলোনিতে আধিপত্য বিস্তার করতে উত্তেজনা সৃষ্টি করে বলে জানিয়েছে পুলিশ।
গণপূর্ত অধিদপ্তরে ই-টেন্ডারিং হওয়ায় নির্ধারিত ঠিকাদারদের বাইরে অন্য কেউ সেখানে দরপত্র জমা দিতে পারেনা। যার কারণে গণপূর্ত ঠিকাদার সমিতির সদস্যরা কাজ করেন।
স্থানীয়রা জানায়, গণপূর্ত অধিদপ্তরে ঠিকাদারি নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারে ওই এলাকায় সরকার দলীয় কিছু নেতার অনুসারীরা বেশ কয়েকদিন ধরে মহড়া দিয়ে আসছিল। দুপুরে তারা সিজিএস কলোনি এলাকায় ভাংচুর শুরু করে।
এ সময় তারা কলোনিতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বলেও স্থানীয় লোকজন অভিযোগ করে।
তবে গুলি ছোড়ার বিষয়টি নিয়ে পুলিশের কাছে জানতে চাইলে সহকারী কমিশনার আশিক বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে উত্তেজনা সৃষ্টি করে। গুলি ছোড়ার বিষয়টি আমাদের জানা নেই।”
গ্রেপ্তার হওয়া আসিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
