বার বার স্মরণীয় নূতন চন্দ্র: মুনতাসীর মামুন
আলোচনা সভা ও স্মৃতিবৃত্তি বিতরণের মধ্যে দিয়ে পালিত হল শহীদ নূতন চন্দ্র সিংহের মৃত্যুবার্ষিকী।
শনিবার চট্টগ্রামের রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির প্রাঙ্গণে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুনতাসীর মামুন।
তিনি বলেন, “নূতন চন্দ্রের মতো বীর দেশপ্রেমিকদের বার বার স্মরণ করতে হবে। তাহলে ঘাতকদের উত্তরসূরিরা মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা প্রচার চালাতে পারবে না। যতবেশি শহীদের নিয়ে আমরা আলোচনা করব, ততবেশি জামায়াত ও তাদের সহযোগিরা কোনঠাসা হবে।
“ছাত্রদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের বড় ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের ভুল ইতিহাস চর্চার দায় শিক্ষকেরা এড়াতে পারেনা।”
নারী শিক্ষার যে আলো নূতন চন্দ্র সিংহ এই তল্লাটে জ্বেলেছেন সেটা অবিস্মরণীয় বলে মন্তব্য করেন মুনতাসীর মামুন।
কুন্ডেশ্বরী ট্রাস্টের সহ-সভাপতি বেনু কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি মহীবুল আজিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অলক পাল, নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, গণমাধ্যম কর্মী অনুপম শীল প্রমুখ।
শহীদ নূতন চন্দ্র সিংহের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
বৃত্তি অনুষ্ঠানের আগে শহীদ নূতন চন্দ্র সিংহের স্মৃতি স্মরণে সংগীত ও নৃত্য পরিবেশন করে কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা।
১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে রাউজানের গহিরার কুণ্ডেশ্বরীতে নিজ বাড়ির মন্দিরের সামনে হত্যা করা হয় দানবীর নূতন চন্দ্রকে। পাকিস্তানি বাহিনীর সঙ্গে সালাউদ্দিন কাদের নিজেই নূতন চন্দ্রকে গুলি চালিয়েছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে নূতন চন্দ্র নিজে দেশে থেকে গেলেও সন্তানদের ভারতে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি ১৯৭০ এর নির্বাচনের আগে প্রকাশ্যে বঙ্গবন্ধুকে সমর্থন দিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের রোষানলে পড়েন।
এরপরও মুক্তিযুদ্ধ চলাকালে তিনি শিক্ষক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন।
নারী শিক্ষার প্রসারের জন্য রাউজানে কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির প্রতিষ্ঠা করেন নূতন চন্দ্র সিংহ।
