২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইভেট কারের চালক খুনের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

যাত্রীবেশে প্রাইভেট কারে উঠে চালককে খুন করে লাশ নিয়ে যাওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2019, 08:38 PM

Updated : 18 Aug 2022, 05:08 PM

শনিবার ভোর রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে শাহ নেওয়াজ (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন।

নেওয়াজের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

এর আগে শুক্রবার রাতে নগরীর কাট্টলী ঘোষবাড়ি শনিমন্দির এলাকায় প্রাইভেট কার চালকের লাশসহ দুইজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মুহিবুর রহমান বলেন, প্রাইভেট কারে যাত্রীবেশে চারজন ছিল। পলাতক অপর যুবক জসিম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রাইভেট কার চালক নুরুল নবী শিমুলকে হত্যার ঘটনায় আকবর শাহ থানায় তার বাবা আবুল কালাম একটি হত্যা মামলা করেছেন বলে জানান পরিদর্শক মুহিবুর।

শুক্রবার রাতে যে গাড়িতে করে চালকের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল এর মালিক সীতাকুণ্ডের উৎপল দে নামে এক ব্যক্তি। নুরুল নবী গাড়িটি চালাতেন।

তিন যুবক শুক্রবার রাতে প্রাইভেট কার নিয়ে ঘোষ বাড়ি হয়ে কাট্টলী বেড়িবাঁধের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়লে স্থানীয়রা সহায়তা করতে এগিয়ে যায়, কিন্তু ভেতরে লাশ দেখে তাদের সন্দেহ হয়।

এসময় আরোহীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে ধরে পিটুনি নিয়ে পুলিশে দেয়।

পুরনো খবর:

চট্টগ্রামে চালককে খুন করে গাড়ি নিয়ে পালানোর সময় দুই যুবক গ্রেপ্তার