নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদ চট্টগ্রামে
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র যুব জনতা’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সেকান্দার চৌধুরী বলেন, গত ২৭ মার্চ সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলা নুসরাতকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এই নিপীড়নের বিরুদ্ধে মামলা করায় নুসরাতকে মরতে হলো।
“দ্রুত এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।”
সমাবেশে কোতয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর বলেন, “ওই অধ্যক্ষ জামায়াতের নেতা, তার বিরুদ্ধে এর আগেও অনেক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার অভিযোগ রয়েছে। এরপরও কী করে সে পদে ছিল?”
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা শিক্ষার্থীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।
অনুষ্ঠানে উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, “স্কুল, কলেজ, মাদ্রাসায় কঠোর নজরদারি করতে হবে। সরকারের পাশাপাশি আমাদেরকেও এ বিষয়ে সোচ্চার হতে হবে।”
যুব সংগঠক খোরশেদ আহমেদ সোহেলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রনেতা এম.ইউ সোহেল। বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা নাদিম উদ্দিন, আমিনুল করিম, সরওয়ার জাহান, নগর ছাত্রলীগ উপ সম্পাদক মিজানুর রহমান,এম আর হৃদয়, ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম সেলিম,বাহরাইন যুবলীগ নেতা মনির হোসেন, ছাত্রলীগ নেতা সাজিদ চৌধুরী, হুমায়ন কবির রানা, চট্টগ্রাম কলেজ সভাপতি মাহমুদুল করিম,ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা খোরশেদ আলম, শাহাদাত হোসেন পারবেজ,আব্দুল্লাহ আল আহাদ,মহসিন কলেজ মায়মুন উদ্দীন মামুন, আনোয়ার পলাশ কমার্স কলেজ ছাত্রলীগ নেতা মো. মোর্শেদ প্রমুখ।
সমাবেশ থেকে বন্দর নগরীর অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক এলাকার আবু বক্বর আস-ছিদ্দিক (রাঃ) ক্বওমী মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমানকে (১২) 'হত্যা' করা হয়েছে দাবি করে এ ঘটনপরও বিচার দাবি করা হয়।
