মারামারির পর মিলেমিশে অবরোধের ডাক দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষ করেছিল মারামারি, তারপর পুলিশ উভয় পক্ষের কয়েকজনকে গ্রেপ্তার করে; এখন তাদের মুক্তির দাবিতে দুই পক্ষের অবরোধ দিনভর অচল ছিল ক্যাম্পাস।
রোববার সকাল থেকে প্রধান ফটকে তালা দিয়ে মিছিল-সমাবেশ করে ছাত্রলীগের দুই পক্ষই। দুপুরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায়। এতে আহতও হয় কয়েকজন।
দুপুরের পর প্রশাসনের আশ্বাস ও পুলিশের তৎপরতায় অবস্থান ছেড়ে গেলেও দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
আটক শিক্ষার্থীদের মুক্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ এবং হাটহাজারী থানার ওসিকে অপসারণের দাবিও তুলেছে ছাত্রলীগের এই নেতা-কর্মীরা।
অবরোধের কারণে রোববার বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন এবং শিক্ষক বাস ক্যাম্পাসে যেতে পারেনি।
প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের কারণে সকাল থেকে কোনো শাটল ট্রেন ও শিক্ষক বাস চলেনি বলে ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি কম।
নগরীর ষোলশহরের স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনকারীরা সকালে বিশ্ববিদ্যালয়গামী প্রথম ট্রেনটির হুইস পাইপ কেটে দেয়। যে কারণে ট্রেনটি বটতলী স্টেশন ছাড়তে পারেনি। নিরাপত্তা না থাকায় পরের ট্রেনগুলোও ছাড়া হয়নি।
‘বান্ধবীর’ ফেইসবুকে হাসির ‘রিয়েক্ট’ করা নিয়ে গত ৩১ মার্চ সংঘর্ষে জড়ায় শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘বিজয়’ ও ‘সিএফসি’ কর্মীরা। এই সংঘর্ষে আহত হয়েছিল তিনজন।
সংঘর্ষের পরদিন বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
তারপর ২ এপ্রিল আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। তখন পুলিশ গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
ওই ছয়জনের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীরর অনুসারী হিসেবে পরিচিত বিজয় ও সিএফসি দুই পক্ষ এক হয়ে ক্যাম্পাসে অবরোধের ডাক দেয়।
বিশ্ববিদ্যালয় ফটকে অবস্থানে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, সহ-সভাপতি ও সিএফসি গ্রুপের নেতা রেজাউল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক বিজয় গ্রুপের জাহাঙ্গীর জীবন প্রমুখ।
সুজন সকালে কর্মসূচি শুরু করে বলেন, “দলীয় কর্মীদের মুক্তিসহ চার দফা দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে। এ আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।”
সকাল থেকে অবরোধ চালিয়ে যাওয়ার পর দুপুরের আগে পুলিশ তৎপর হলে বেঁধে যায় সংঘর্ষ।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে আন্দোলনকারীদের তুলে দিতে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরাও ইট ছুড়তে থাকে। তখন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রবার বুলেট ও জলকামান ব্যবহার করতে দেখা যায় পুলিশকে।
এসময় বেশ কয়েকজন আহত হলেও তার সঠিক সংখ্যা জানা যায়নি।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজন ছাত্র ও দুজন কর্মচারী আহত হয়ে চিকিৎসা নিতে এসেছিলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
আন্দোলনকারীদের ছোড়া ইটে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসকে সর্বোচ্চ স্থিতিশীল রাখতে আমরা চেষ্টা করেছি। তবে আন্দোলনকারীরা কারও কথা শোনেনি। তাই তাদের সরিয়ে দিতে হয়েছে। তাদের ছোড়া ইটে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, “যদি কেউ বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করতে চায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।”
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা চালানো হয়েছে।
“ছাত্রলীগের উপর বারবার এই ধরনের হামলা বরদাশত করা হবে না। আমাদের দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, “আজকের এই পরিস্থিতি ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারীদের কারণেই সৃষ্টি হয়েছে। তারা যদি যৌক্তিক দাবি নিয়ে আমাদের কাছে আসে, তাহলে বিবেচনা করা হবে।”
