২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হল থেকে বন্দুক ও গুলি উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে তল্লাশি চালিয়ে দুটি বন্দুক ও শতাধিক গুলি উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 04:17 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

সোমবার রাতে প্রক্টোরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন মো. জাহাঙ্গীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে আব্দুর রব, শাহ আমানত, সোহরাওয়ার্দী, আলাওল, এফ রহমান হলে তল্লাশি চালানো হয়।

“তখন আলাওল হলের ক্যান্টিনের পেছনের খালি জায়গা থেকে দুটি একনলা বন্দুক এবং ১২৬টি গুলি পাওয়া যায়।”

হলটি শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘বিজয়’ এর সমর্থকদের নিয়ন্ত্রণে বলে আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছে।

এছাড়া অন্য হলগুলোতে তল্লাশি চালিয়ে খালি স্থানে, বাথরুমের ছাদ থেকে বিপুল পরিমান লাঠিসোটা এবং ১০টি রাম দা পাওয়া গেছে বলে ওসি জানান।

এ অভিযানে কাউকে আটক করা যায়নি।