২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৩

ফেইসবুকে দেওয়া পোস্ট নিয়ে বিবাদের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 10:07 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হলের মাঝামাঝি এলাকায় শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার-সিএফসির মধ্যে এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন- আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তনয় কান্তি দাশ এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কাজল দাশ।

সংঘর্ষের পর ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেইসবুকে সিএফসি গ্রুপের এক কর্মীর বান্ধবীর পোস্টে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দেখান বিজয় গ্রুপের একজন। এর জের ধরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসির অনুসারীরা।

এই খবর হলে ছড়িয়ে পড়লে সিএফসির অনুসারীরা শাহ আমানত হলে এবং বিজয় গ্রুপের অনুসারীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। ধাওয়া পাল্টা-ধাওয়ার মধ্যে দুই পক্ষের ছোড়া ঢিলে আহত হন তিনজন।

বিজয় গ্রুপের নেতা বিশ্ববিদালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, “সিএফসির কর্মীরা কোনো রকম উসকানি ছাড়াই আমাদের জুনিয়রদের ওপর হামলা করে।”

অন্যদিকে সিএফসি গ্রুপের নেতা ও বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রেজাউল হক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝি ও কথা কাটাকাটিকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে। সিনিয়ররা বসে সমাধান করে ফেলা হবে।”

ক্যাম্পাসে এই দুই গ্রুপই প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।