২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অসুস্থতার ঘুরপাকে বিএনপির রাজনীতি: তথ্যমন্ত্রী

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতার আর্বতেই ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 09:28 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার যৌথ আয়োজনে এ সংর্বধনা দেওয়া হয় চট্টগ্রামের মিরসরাইয়ের এই সংসদ সদস্যকে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার আবর্তেই বিএনপি ও ঐক্যফ্রন্টের রাজনীতি ঘুরছে।”

চিকিৎসার জন্য সোমবার ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসনকে।

হাছান মাহমুদ বলেন, “একমাস আগে থেকেই সেখানে খালেদা জিয়ার জন্য দুটি কেবিন বরাদ্দ রাখা আছে। কিন্তু মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতাল ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা করাবেন না বলেই স্থির ছিল।

“অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে ইউনাইটেড কিংবা স্কয়ার হাসপাতালে নেয়া হয়নি। বঙ্গবন্ধু মেডিকেলেই নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিশ্বমানের চিকিৎসা হয়েছে বলে মন্তব্য করেছেন সিঙ্গাপুর ও ভারত থেকে আসা বিশ্ববিখ্যাত চিকিৎসকরা।”

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংসদ মাহফুজুর রহমান মিতা, ওয়াসিক আয়শা খান ও খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম প্রমুখ।