২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকল্পগুলো শেষ হলেই চট্টগ্রামে জলাবদ্ধতার অবসান: মন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চলমান প্রকল্পগুলো শেষ হলেই হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 04:03 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে ‘চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিষয়ক’ মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস ছালাম উপস্থিত ছিলেন।

সভার শুরুতে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম সিডিএ ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়ের বিষয়ে জোর দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামকে দৃষ্টিনন্দন ও বসবাস উপযোগী করতে প্রধানমন্ত্রী যেসব প্রকল্পে বরাদ্দ দিয়েছেন সেগুলো তরান্বিত করা হবে।

“আগামী বর্ষাতে যাতে জলাবদ্ধতা ‍সৃষ্টি না হয় এবং ভোগান্তি না হয় তা আলোচনা হয়েছে। সিটি করপোরেশন কয়েকদিনের মধ্যেই শহরে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে।”

জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসী কখন মুক্তি পাবে জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, “চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে প্রকল্পগুলো শেষ হলে।”

চট্টগ্রামে সিডিএ’র অধীনে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলমান। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডও এ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রকল্পগুলো শেষ হলে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থা পালন করবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে।

রক্ষণাবেক্ষণ ব্যয় সিটি করপোরেশন কিভাবে যোগাড় করবে জানতে চাইলে তিনি বলেন, “এসব প্রকল্প ততদিনে আয়বর্ধক হয়ে উঠবে।”

সিটি করপোরেশন ও সিডিএ’র মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “পরিস্কার দেখেছি তাদের সমন্বয় আছে।”

এসময় পাশে দাঁড়ানো উপমন্ত্রী ও চট্টগ্রামের সংসদ সদস্য নওফেল বলেন, সমন্বয় থাকলে আর সমস্যা হবে না।

এরআগে মত বিনিময় সভার শুরুতে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামবাসী যত সমস্যা আছে সব সমাধান করা হবে।

“কোনো সমস্যার কারণে বা কোনো মতগত পার্থক্যের কারণে আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের এর সমাধান করতে হবে এবং আগাতে হবে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামকে ছাড়া বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন দেখেন না। আমরা সমস্যা চিহ্নিত করব, শেয়ার করবো এবং সমাধানের পথ খুঁজে নেব। আমার প্রত্যেকে ভিন্ন মানুষ, মত ভিন্ন থাকতে পারে কিন্তু লক্ষ্য এক। চট্টগ্রামকে সুন্দর দৃষ্টিনন্দন করব।”

তিনি বলেন, “সিডিএ চেয়ারম্যান এবং সিটি মেয়র চট্টগ্রামের নির্বাহী প্রধান। তারা এখানে কাজ করেন। সামনে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা যেন না হয় সে লক্ষ্যে আজ বসেছি। দীর্ঘমেয়াদি স্থায়ী লক্ষ্য বড় হতে পারে তবে এ বর্ষায় যেন মানুষের কষ্ট না হয়। চলমান প্রকল্পগুলো যাতে আরো দ্রুত বাস্তবায়ন করা যায়।”

কর্ণফুলীর উচ্ছেদ অভিযান মহাপরিকল্পনা অনুমোদনের পর

সভার শুরুতে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের সবগুলো নদী দূষণমুক্ত করা ও দখলমুক্ত করার জন্য কাজ করছি। এজন্য প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন।

“কমিটি কাজ শুরু করেছে। একটি মাস্টারপ্ল্যান করা হচ্ছে। আগামী ১৪ তারিখে সভায় মাস্টারপ্ল্যান অনুমোদন করব। করার পর কর্ণফুলী নদীর আশেপাশে অবৈধ দখল যে সমস্ত, তা উচ্ছেদ করা হবে।”

তিনি বলেন, “তুরাগ, বুড়িগঙ্গা এগুলো দেশের অর্থনীতির প্রাণ। যদি আগের জায়গায় ফিরিয়ে আনতে না পারি আমাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন সফল হবে না।

“কর্ণফুলী নদীর সাথে ৫৭টি খাল আছে। সবগুলো সংস্কার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। যাতে বর্ষায় অতিমাত্রায় পানিতে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না হয়।”

কর্ণফুলী নদীর জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে হাই কোর্টের নির্দেশ উচ্ছেদ অভিযান প্রথম দফায় ৫দিন পরিচালিত হয়। এতে ২৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর গত তিন সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান বন্ধ আছে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান উপস্থিত ছিলেন।