২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুন করে ছিনতাইয়ের দেড় বছর পর উদ্ধার অটোরিকশা

চট্টগ্রামে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের দেড় বছর পর তা উদ্ধার করেছে পুলিশ; গ্রেপ্তার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশার ক্রেতাকেও।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 06:13 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

পটিয়া উপজেলার মিলিটারি পুল এলাকা থেকে রোববার রাতে জহির উদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বাসিন্দা জহিরই অটোরিকশাটির ক্রেতা বলে পুলিশ জানিয়েছে। তার কাছ থেকেই উদ্ধার করা হয় অটোরিকশাটি।

হত্যাকাণ্ডে জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মো. ওমর ফারুক।

২০১৭ সালের ৩১ অগাস্ট সকালে পটিয়া উপজেলার পশ্চিম মনসা এলাকার সিপাহী বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। লাশ উদ্ধারের ১০ দিন পর স্বজনরা মো. রুবেল উদ্দিন (২৫) নামে ওই যুবকের লাশ শনাক্ত করে।

নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেমের ছেলে রুবেল চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চালাতেন। নগরীর চান্দগাঁও থানার ওসমানিয়া পুলের এলাকায় সেলিমের কলোনীতে তিনি থাকতেন। 

পিবিআই কর্মকর্তা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার জহিরের সঙ্গে ছিনতাইকারীদের যোগসাজশ রয়েছে। তিনি ছিনতাইকারীদের কাছ থেকে অটোরিকশা সংগ্রহ করেন।

রুবেলকে হত্যায় জড়িতরা তার অটোরিকশাটি ৭০ হাজার টাকায় জহিরের কাছে বিক্রি করে দিয়েছিল বলে আগে গ্রেপ্তার হওয়া রোকন উদ্দিন মামুন তার জবানবন্দিতে জানিয়েছিলেন। ওই সূত্র ধরে গ্রেপ্তার করা হয় জহিরকে।

গত বছরের ৩১ অক্টোবর নগরীর কাপ্তাই রাস্তার মাথা ও বোয়ালখালী উপজেলা থেকে মো. রোকন উদ্দিন মামুন (৪০), মো. নাছির (২২) ও মো. জামশেদ (২৮) নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

রোকনের সঙ্গে গ্রেপ্তার জামশেদ নিহত রুবেলের বড় বোনের স্বামী। জামশেদের সঙ্গে রুবেলের পারিবারিক বিরোধ ছিল।

তার জের ধরে জামশেদ ও নাছিরের পরিকল্পনায় রোকনকে ভাড়া করে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছিল।

পুরনো খবর:

চট্টগ্রামে গলায় রশি বাঁধা যুবকের লাশ উদ্ধার
খুনের এক বছর পর ৩ জন গ্রেপ্তার