খুনের এক বছর পর ৩ জন গ্রেপ্তার
চট্টগ্রামে পুকুর থেকে গলায় দঁড়ি বাঁধা যুবকের লাশ উদ্ধারের এক বছর পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নগরীর কাপ্তাই রাস্তার মাথা ও বোয়ালখালী উপজেলা থেকে গত মঙ্গল ও বুধবার অভিযান চালিয়ে মো. রোকন উদ্দিন মামুন (৪০), মো. নাছির (২২) ও মো. জামশেদ (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় ।
এদের মধ্যে মামুন বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মো. ওমর ফারুক।
গত বছরের ৩১ অগাস্ট সকালে পটিয়া উপজেলার পশ্চিম মনসা এলাকার সিপাহী বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। ১০দিন পর স্বজনরা মো. রুবেল উদ্দিন (২৫) নামে ওই যুবকের লাশ শনাক্ত করে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেমের ছেলে রুবেল চট্টগ্রামে সিএনজি অটো রিকশা চালাতেন। নগরীর চান্দগাঁও থানার ওসমানিয়া পুলের গোড়া সেলিমের কলোনিতে তিনি থাকতেন।
ম্যাপ: চট্টগ্রাম
রোকনের বিরুদ্ধে রাউজান থানায় তিনটি হত্যা মামলা, নগরীর পাঁচলাইশ থানায় অস্ত্র মামলা ও কয়েকটি চাঁদাবাজির মামলা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা ওমর ফারুক জানান, লাশ উদ্ধারের পর মামলাটি পটিয়া থানা পুলিশ তদন্ত করে। চারমাস তদন্ত করে রহস্য উদঘাটন করতে না পারায় পিবিআই তদন্তভার গ্রহণ করে।
তিনি জানান, এ হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তার তিনজনসহ মোট সাতজন জড়িত ছিলেন বলে জবানবন্দিতে রোকন জানিয়েছেন।
ওমর ফারুক বলেন, “জামশেদের সাথে রুবেলের পারিবারিক বিরোধ ছিল। তার জেরে জামশেদ ও নাছির মিলে রুবেলকে হত্যার জন্য রোকনকে ভাড়া করে। সে হিসেবে পূর্ব পরিচয়ের সূত্রে রুবেলের সিএনজি অটো রিকশা করে ৩১ অগাস্ট ভোরে পটিয়া যায় গ্রেপ্তার তিনজনসহ মোট চারজন।
“পথে তারা রুবেলকে খুন করে লাশটি ঘটনাস্থলের পাশে পুকুরে ফেলে দেয় এবং তার সিএনজি অটো রিকশাটি নিয়ে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয়।”
ফারুক আরও বলেন, সিএনজি অটো রিকশাটি উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান হচ্ছে।
