২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের প্রথম ভোট যাবে ‘মুক্তিযুদ্ধের পক্ষে-দুর্নীতির বিপক্ষে’

ভোটার তালিকায় গত ১০ বছরে যুক্ত হওয়া সোয়া দুই কোটি তরুণ ভোটারদের নজর কাড়তে মরিয়া সব রাজনৈতিক দল; এই তরুণদের অনেকে বলছেন, মুক্তিযুদ্ধ, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষেই থাকবে তাদের প্রথম ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজহারুল ইসলাম জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 06:04 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

পুরনো খবর:

সেলফি হোক প্রথম ভোটের ‘কালো দাগে’: তরুণদের ফেরদৌস
তরুণ ও নারী ভোটার বিজয়ের হাতিয়ার: কাদের
‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারে তরুণ ভোটার
১০ বছরে তরুণ ভোটার বেড়েছে সোয়া দুই কোটি

নির্বাচন কমিশনের হিসাবে একাদশ জাতীয় নির্বাচনে ১০ কোটি ৪১ লাখ ভোটারের মধ্যে ৪৩ লাখই নতুন ভোটার। ১৮ থেকে ২৮ বছর বয়সী ভোটার সংখ্যা দুই কোটি ১৫ লাখ, যা মোট ভোটারের প্রায় ২১ শতাংশ।

নতুন ভোটাররা যে এবারের নির্বাচনের ‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারে তা মাথায় রেখেই নির্বাচনী ইশতেহার সাজিয়েছে রাজনৈতিক দলগুলো; তাদের প্রতিশ্রুতির তালিকায় রয়েছে তরুণ ভোটারদের তুষ্ট করার নানা উপকরণ।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থী তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে এই নতুন ভোটারদের ‘ভোট ভাবনা’।

Image
কলম্বো টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ৪ উইকেটে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় পতাকা হাতে ক্রিকেট ভক্তদের উল্লাস। ছবি: তানভীর আহাম্মেদ

কলম্বো টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ৪ উইকেটে জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় পতাকা হাতে ক্রিকেট ভক্তদের উল্লাস। ছবি: তানভীর আহাম্মেদ

প্রথম ভোট দেওয়ার আগ্রহের সঙ্গে তাদের বক্তব্যে উঠে এসেছে সূক্ষ্ম পর্যবেক্ষণ, নবীন প্রার্থীদের প্রতি সমর্থন, দুর্নীতিমুক্ত এবং একটি অসম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন।

৩০ ডিসেম্বর ঘোষিত নির্বাচনী তারিখে প্রথম ভোট দিতে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাহিদ জুলফিকার।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিজের ভাবনা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাহিদ বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে আমি এরকম প্রার্থীকেই ভোট দিব যার কোনো দুর্নীতি নেই। যারা মুক্তিযুদ্ধের আদর্শ বহন করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম। এবং ‍নীতি ও আর্দশের সাথে কখনও আপস করবে না।”

চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কমল কান্তি মজমুদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের একটি স্বপ্নের দেশ গড়ার পথে অপশক্তি দীর্ঘদিন বাধার দেয়াল তুলে রেখেছিল।

“সেই বাধা কাটিয়ে দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায়। এ যাত্রা অব্যাহত রাখতে অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তিকে আবারও রাষ্ট্র পরিচলনার দায়িত্বে আনতে হবে। এর কোনো বিকল্প নেই।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী উখিং চাক বলেন,  “প্রথম ভোটটা আমি এমন একজনকে দিব যে কিনা দেশের উন্নয়ন করবে। সে আদিবাসী না বাঙালি সেটা মুখ্য বিষয় নয়। বরং একজন সাম্প্রাদায়িকতামুক্ত ভাল মানুষকেই আমি প্রথম ভোট দিতে চাই।”

প্রার্থীকে অবশ্যই দুর্নীতিমুক্ত ও সৎ হতে হবে বলে জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থী সুপ্রজিৎ দাস।

তিনি বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “যে দলটি বেকারত্বের অভিশাপ দূর করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, সে দলকেই ভোট দিব।”

তরুণদের কর্মসংস্থানে সক্ষম প্রার্থী ও দলকেই ভোট দিতে চান চবির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী সুমি আক্তারও।

“যে দল বেকারত্ব নিরসন, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি করে বেকারত্বের অভিশাপ থেকে তরুণদের মুক্তি দিবে প্রার্থী হিসেবে সেই দলের লোককেই বেছে নেব।”

আর মুক্তিযুদ্ধের চেতনার নিরিখেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির রেজা খান।

সাব্বির বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারবে এমন একটি দলকে ভোট দিব। যেখানে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে।”     

প্রথম ভোটে উন্নয়নকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিন খন্দকার বলেন, “কারও মুখের বুলি শুনে নয়, ভোট দিব বিবেচনা করে। যে সরকার উন্নতির পথে চলে এসেছে, দেশের সমস্যাগুলোকে সম্ভাবনায় রূপ দিতে ইতোমধ্যে কাজ করে এসেছে প্রথম ভোট আমি তাকেই দেব।”

চট্টগ্রামের তরুণদের মতো ঢাকার ‘প্রথম ভোটার’ হওয়া তরুণরাও প্রার্থীর যোগ্যতা মেপে তাদের ভোটটা দিতে আগ্রহী।

ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদ আল রিফাত বলেন, “যেহেতু প্রথম ভোটার, তাই ভোটটা দেখে-শুনেই দিব। প্রার্থী কতটা যোগ্য তা হবে আমার প্রথম বিবেচনার বিষয়।

“এমন প্রার্থীকেই ভোট দিব যার মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। জয়ী হওয়ার পর যেন বিরোধী দলের নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন না চলে।”

দলীয় মার্কার চেয়ে প্রার্থীর দূরদর্শিতাকে নেতৃত্বের যোগ্যতা বলে মনে করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ‍বিভাগের শিক্ষার্থী মাকসুদা খানম মিমি। 

তিনি বলেন, “সরকার হচ্ছে দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। আমি চাই সেই সংস্থায় যোগ্য দূরদর্শী নেতৃত্ব কাজ করুক। তাই মার্কা দেখে নয়, যোগ্যতা দেখেই ভোট দিব।”