চট্টগ্রামে নৌকার পক্ষে মাঠে নেমেছেন একদল সাংবাদিক
চট্টগ্রামে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার শুরু করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের ফোরাম ‘উজ্জীবিত ৭১’।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই প্রচারণা অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
‘উন্নয়ন সমৃদ্ধির অদম্য অভিযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোল বাংলাদেশ’ স্লোগান নিয়ে তারা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইফতেখার উদ্দিন বলেন, “দেশে আজ দুটি পক্ষ। একটি বাংলাদেশের পক্ষে, অন্যটি বাংলাদেশের বিপক্ষে।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময়ও সাংবাদিকরা বাংলাদেশের পক্ষে ছিলেন, আজো আছেন। আপনাদের এ আয়োজন আমাকে অভিভূত করেছে।”
বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ধারায় থাকবে না কি পাকিস্তানি সাম্প্রদায়িক ধারায় ফিরে যাবে, তা এবার নির্ধারিত হবে।
“এ রকম একটি সময়ে চট্টগ্রামের সাংবাদিকরা নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এজন্য তাদের ধন্যবাদ। আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে দেশ পিছিয়ে যাবে।”
“৪৭ বছরের মধ্যে মাত্র ২১ বছর বাংলাদেশের ধারায় ছিল দেশ। তাতেই আমরা এত দূর এসেছি। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “স্পষ্ট করে বলতে চাই, তথাকথিত নিরপেক্ষতার ভান করে ঠুনকো অজুহাত দিয়ে ঘরে বসে থাকার সুযোগ আর নেই।
সাংবাদিক শাহরিয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি এজাজ ইউসুফী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ উল্লাহ, বিশ্বজিৎ বড়ুয়া, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য আজহার মাহমুদ, সাংবাদিক উত্তম সেন গুপ্ত, প্রীতম দাশ, অনুপম শীল, পার্থ প্রতীম বিশ্বাস, আহসান হাবিবুল আলম, শ্রমিক নেতা আবুল হোসেন আবু, ছাত্রনেতা তারেক প্রমুখ।
অভিযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন শিল্পীরা। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে উন্নয়ন অগ্রযাত্রা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। নগরীর বিভিন্ন স্থানে এ অভিযাত্রা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
