‘উন্নয়ন ও নির্বাচন’ নিয়ে নাছির-ছালাম আলোচনা
দূরত্ব কাটিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়ার দেড় মাসের মাথায় আবারও আলোচনায় বসেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে মেয়রের কার্যালয়ে নগর আওয়ামী লীগের দুই নেতা বৈঠক করেন।
একান্তে প্রায় ২০ মিনিট আলোচনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির এবং কোষাধ্যক্ষ ছালাম।
বৈঠকে উন্নয়ন এবং আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মেয়র।
তিনি বলেন, “উনি (আবদুচ ছালাম) এসেছিলেন। সামনে নির্বাচন, দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আর নির্বাচন আসলে তো উন্নয়ননের কথাও আসবে।
“উন্নয়নকাজ নিয়ে আলাপ হয়েছে। কিভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, “আমি নগর ভবনে গিয়েছিলাম। এখন একটা মিটিংয়ে আছি। তাই কথা বলতে পারছি না।”
ওই সময় নগর ভবনে উপস্থিত এক স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে জনভোগান্তি কমানোর বিষয়ে দুইজনের মধ্যে আলোচনা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতার বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন জোটের সাথে সরকারের সংলাপ, চলমান কুলগাঁও টার্মিনাল নির্মাণ কাজ এবং দুই সংস্থার চলমান মেগা প্রকল্প নিয়ে আলোচনা হয়।
দুই সংস্থার প্রকৌশলীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করে জনভোগান্তি কমানোর বিষয়েও আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উন্নয়ন কাজের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশা ব্যক্ত করেন দুই নেতা।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর নগর ভবনে এক সভায় নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই দুই নেতা একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কাজে সিডিএ এবং সিটি করপোরেশনের কাজে সমন্বয়হীনতা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল মেয়র নাছিরের।
আর সিডিএ চেয়ারম্যান ছালামকেও সিটি করপোরেশনের সমন্বয় সভাসহ কোনো বৈঠকে দেখা যেত না।
এ নিয়ে দলীয় বৈঠকে দুইজনের বাকবিতণ্ডার খবরও চট্টগ্রামের রাজনীতিতে আলোচনার খোরাক যুগিয়েছে।
