২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান গওহর রিজভীর

ব্যবসার পাশাপাশি নারীদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 09:25 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

রোববার সন্ধ্যায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে ‘১২তম আন্তর্জাতিক ওমেন এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৮’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশে মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী উল্লেখ করে গওহর রিজভী বলেন, “আমি শুনেছি শুধু ১০ শতাংশ নারী উদ্যোক্তা আছে। এটা খুবই ভালো, আনন্দের ব্যাপার... কিন্তু যথেষ্ট না। আপনাদের ৫১ শতাংশে যেতে হবে। এর কমে আপনারা সেটেল করবেন না।

“সারা পৃথিবীতে সব জায়গায় মহিলাদের ওপরে যেতে দেওয়া হয়। একটা ‘গ্লাস সিলিং’ দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হয়, আটকে রাখা হয়। ‘গ্লাস সিলিং’ ভাঙ্গার দুই পথ- এক হল এন্টারপ্রেনারশিপ বা ব্যবসা। সেখানে আপনাদের কেউ থামাতে পারবে না। সেখানে কোনো ‘গ্লাস সিলিং’ কাজ করবে না। কাজেই খুব জোরে এগিয়ে যান।”

নারীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, “নিজে নিজের ব্যবসা করছেন খুব ভালো। আপনাদের পলিটিক্স ও পাবলিক লাইফেও নামতে হবে।”

সংসদে সংরক্ষিত ৫০ নারী আসন বাড়িয়ে ১৫০ করারও কথা বলেন তিনি।

“আপনাদের কাছে ৫১ শতাংশ ভোট রয়েছে। আপনাদের ভোট দিয়ে এ দাবিটা আদায় করতে পারেন। এটা আমার বিশ্বাস।”

রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন এসে গেছে। সব পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেন। তাদের মেনেফেস্টোতে আপনার ডিমান্ড ঢোকানোর দাবি করেন। মেনেফেস্টো দেখার পরে ভোট দেন।”

আওয়ামী লীগের অধিকাংশ ভোট নারীদের বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাবিহা মুসা, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আবর আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি, এশিয়ান ওমেন ইউনিভার্সিটির উপাচার্য নির্মলা রাও, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন মোনাল মাহবুব।

অনুষ্ঠানে তিনজনকে বর্ষসেরা এসএমই উদ্যোক্তা ও তিনজনকে তৃণমূল উদ্যোক্তার সম্মাননা দেওয়া হয়।