২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসার সংযোগ স্থাপন কাজের তালিকা চেয়েছেন মেয়র

আগামী ছয় মাসে বন্দর নগরীর কোন কোন এলাকায় ওয়াসা সংযোগ লাইন স্থাপনের কাজ করবে তার তালিকা চেয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 08:57 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে নগর উন্নয়ন সমন্বয় কমিটির (সিডিসিসি) ১৪তম সভায় মেয়র ওয়াসার হালনাগাদ তালিকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর কাছে দিতে বলেছেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, “সিটি কর্পোরেশন নগরীর যেসব সড়কের কাজ ইতোমধ্যে শেষ করেছে, সেসব সড়ক ওয়াসা আগামী এক বছর পর কাটলে ভালো হয়।

“নগরীর পোর্ট কানেক্টিং রোডের উন্নয়ন, নালা নির্মাণের কাজ শেষের পথে। তাই আগামী ফেব্রুয়ারির মধ্যে ওয়াসার পানির সংযোগ লাইন স্থাপনের কাজও শেষ করা উচিত।”

সভায় জলাবদ্ধতা নিরসনে সিডিএর প্রকল্প, নগরীতে চলমান ওয়াসার সংযোগ লাইন স্থাপন কাজ এবং মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্প, বিটিসিএলের কাজের অগ্রগতি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে বেড়ে যাওয়া ঘাস ও স্তুপকৃত মাটি অপসারণ, রিং রোড বেড়ি বাঁধ নির্মাণ, রিং রোড এলাকার পাশে সার্ভিস রোড নির্মাণ, মহেশখালের সম্মুখে ডাইভারশন খালের মুখে স্লুইস গেট স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হয়।

ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, নগরীতে আরো এক হাজার দুইশ কিলোমিটার সংযোগ লাইন স্থাপন করা হবে।

“এর মধ্যে পুরনো লাইন সংস্কারপূর্বক নতুনভাবে স্থাপনের কাজও রয়েছে, যা চলমান ফান্ডে হবে না। এর জন্য ডিপিপি প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী ফান্ড থেকে এই কাজ করা হবে।”

সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ, শফিউল আলম, আবুল হাসেম, গোলাম মো. জুবায়ের, মোহাম্মদ ইসমাইল, মো. সলিম উল্লাহ বাচ্চু, নাজমুল হক ডিউক, সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, সিডিএর নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ, বিটিসিএলের ডিজিএম সমিত চাকমা, কেজিডিসিএল ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল হালিম, পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসাইন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) হারুনুর রশিদ প্রমুখ।

পুরনো খবর:

ওয়াসার পাইপ ফেটে সড়ক ক্ষতিগ্রস্ত
সমন্বয়হীনতায় চট্টগ্রামে পরিকল্পিত উন্নয়ন হচ্ছে না: নাছির