চট্টগ্রামে কৃষি ও পল্লী ঋণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামে কৃষি ও পল্লী ঋণ সহজীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, বাংলাদেশ ব্যাংক এবং অগ্রণী ব্যাংক লিমিটেড এর যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. মুস্তাফিজুর রহমান (পিএএ), অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এস এম রবিউল হাসান। উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন হিসেবে এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট তাসলিমা ইয়াসমিন ও পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
কর্মশালার শুরুতেই অনলাইনে ‘কৃষি ও পল্লী ঋণ সহজিকরণ’ প্রকল্পের ওপর উপস্থাপনা তুলে ধরেন প্রকল্পের উদ্ভাবক মো. জসিমউদ্দিন। তিনি অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম প্রেস ক্লাব শাখার ব্যবস্থাপক।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের আওতায় তফসিলি ব্যাংক কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদেরকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় একটি ওয়েব ও মোবাইল ভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে যার মাধ্যমে কৃষকের কাছ থেকে আবেদন গ্রহণ থেকে শুরু করে পুরো ঋণ বিতরণ কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হয়েছে।
এতে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া, ঋণের সুদের হার, হালনাগাদকৃত তথ্য, আবেদনের সাথে অবশ্য প্রদেয় সংযুক্তি সমূহের তালিকা রয়েছে। কৃষক যে কোনো স্থান থেকে অনলাইনে নির্দেশিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে সব ধরনের শস্য ও ফসলি ঋণের জন্য ব্যাংকে আবেদন করতে পারবে।
উপজেলা কৃষি কর্মকর্তা ও ব্যাংক কর্তৃপক্ষ অনলাইনে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় অনুসন্ধান করে ঋণের অনুমোদন করতে পারবেন।
কৃষক অনলাইনে আবেদনের সর্বশেষ অগ্রগতি যাচাই করতে এবং ঋণ অনুমোদিত হলে এসএমএসের মাধ্যমে জানতে পারবে।
পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সহজেই কৃষি ঋণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
বর্তমানে সেবাটি শুধুমাত্র চট্টগ্রাম জেলায় পাওয়া যাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তা দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।
