চট্টগ্রামে ৩ জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাস্টারপোল ও রসুলবাগ আবাসিক এলাকা থেকে জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন জামায়াতের চট্টগ্রাম নগর শাখার নায়েবে আমির আহসান উল্লাহ, ১৭ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির আসাদ উল্লহ এবং কেন্দ্রীয় রোকন সাহাবউদ্দিন আফতাব।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপোল এলাকার বাসায় অভিযান চালিয়ে সাহাবউদ্দিন আফতাবকে গ্রেপ্তার করা হয়।
“তার বাসা থেকে জামায়াতে ইসলামীর প্রচুর প্রচারপত্র, বিভিন্ন রকমের বই এবং কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে রসুলবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আহসান উল্লাহ ও আসাদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তারের কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তা প্রণব বলেন, “তাদের বিরুদ্ধে নাশকতায় নির্দেশ দানের অভিযোগে মামলা আছে। এছাড়া অতীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগেও একাধিক মামলা আছে।”
এরআগে বৃহস্পতিবার দুপুরে নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আজিজুল হককে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে নাশকতায় নির্দেশ দানের অভিযোগে মামলা হয়। বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার তিন জামায়াত নেতাও সেই মামলায় আসামি।
