চট্টগ্রামে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
রাতভর ঘুরে ঘুরে গাড়ির যন্ত্রাংশ চুরি করে এরকম একটি আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে চট্টগ্রাম পুলিশ
গ্রেপ্তাররা হলেন- নজরুল ইসলাম (৪০), আরিফ (২২), হানিফ (২৭), শরীফ (২৮), লিটন ওরফে সুমন (৩৩), লিটন মিয়া (৩৭) ও মো. হারুন (৩০)।
এদের মধ্যে নজরুল ইসলাম সিএনজিচালিত অটোরিকশার চালক।
শুক্রবার রাতভর নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের এডিসি (বন্দর) আবু বকর সিদ্দিক জানিয়েছেন।
গ্রেপ্তারদের কাছ থেকে একটি অটোরিকশা, তিনটি ব্যাটারি, দুটি রেঞ্চ, দুটি কাটারসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তা সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতভর সিএনজিচালিত অটোরিকশার চড়ে ঘুরে ঘুরে এরা গাড়ির যন্ত্রাংশ চুরি করে।
“গ্রেপ্তার আসামিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা ও হাটহাজারী উপজেলায় প্রাইভেট কার, পিকআপ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ব্যাটারি, গ্লাস ও চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে কয়েকটি দোকান ও গাড়ির মালিকদের কাছে বিক্রি করে।”
দৈনিক তারা দুই থেকে তিনটি গাড়ির যন্ত্রাংশ চুরির স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।
“এই চক্রের সাথে অন্য যারা জড়িত এবং যারা এর সুবিধাভোগী তাদেরও গ্রেপ্তার করা হবে,” বলেন পুলিশ কর্মকর্তা সিদ্দিক।
