২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় সাগরে নেমে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে সাগরে গোসল করতে নেমে মারা গেছেন এক কলেজছাত্র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2018, 05:18 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

আসিফ শাহরিয়ার রুবেল নামে ওই ছাত্র নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে আসিফ ও নাফিস খান নামে আরেক তরুণ সাগরে একসঙ্গে গোসল করতে নেমেছিলেন। তখন আসিফ তলিয়ে যান বলে পুলিশ জানায়।

পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই শিক্ষার্থী কলেজ ফাঁকি দিয়ে সমুদ্র সৈকতে যায়। সেখানে গোসল করতে নেমে স্রোতে একজন তলিয়ে যায়।” নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে গেলেও তারা সফল হননি।

ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ওসমান গণি বলেন, “আসিফ ও নাফিস যখন সৈকতে নেমেছিল তখন সমুদ্র বেশি উত্তাল ছিল। দুপুরে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটে।”

বিকালে ভাটা শুরু হওয়ার পর ডুবুরিরা আসিফকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

এরমধ্যে ৭টার দিকে সাগরে পেতে রাখা জেলেদের জাল গুটিয়ে আনার পর তাতে আসিফের লাশ পাওয়া যায় বলে ওসমান গণি জানান।