২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে খালেদা জিয়া মৌলিক অধিকার বঞ্চিত: শাহাদাত

কারাগারে আদালত বসিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে দাবি করে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন তার নেত্রী খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর না করায় ক্ষোভও জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 05:24 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

খালেদা জিয়ার মুক্তি দাবিতে সোমবার নগরীর নূর আহম্মদ সড়কে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিএনপি নেতা শাহাদাত বলেন, “১৫০ বছরের পুরানো কারাগারে খালেদা জিয়ার জন্য আদালতে বসানো হয়েছে। আমাদের নেতারা সেটার প্রতিবাদ করে আসছে। কিন্তু আইনমন্ত্রী বলছে সেটা সাংবিধানিক।

“সংবিধানে বলা আছে যে কারো বিচার করতে হবে প্রকাশ্যে; গোপনে নয়। আপনারা গেজেট প্রকাশ করেছেন। কিন্তু দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে গেজেট প্রকাশের কথা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি।”

তিনি বলেন, “খালেদা জিয়ার বাম হাত অবশ হয়ে গেছে। ঘাড়েরও সমস্যা আছে। সেজন্য তার হাতটি অবশ হয়ে যাচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ফিজিও থেরাপিস্ট ডাকার কথা বললেও ডাকা হয়নি।”

গত ১৫ দিন ধরে ওই চিকিৎসক যন্ত্রপাতি ছাড়া খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেওয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থান কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন ডা. শাহাদাত।

তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিওথেরাপিস্ট বিভাগের চিকিৎসক জ্যেষ্ঠ এক চিকিৎসককে দায়িত্ব দেওয়ার পর তাকে আবার সরিয়ে দিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

কারাগারে খালেদা জিয়া ‘মৌলিক অধিকার বঞ্চিত’ হচ্ছেন দাবি করে বিএনপি নেতা বলেন, “১/১১ সরকার শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ দিলেও বর্তমানে খালেদা জিয়া কেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না?”

সমাবেশে আরও বক্তব্য রাথেন কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, শামসুল আলম, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।