চট্টগ্রামে বনকর্মী হত্যার ঘটনায় মামলা
চট্টগ্রামে বনকর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় মামলা করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার বিট কর্মকর্তা আতিকুল ইসলাম বাদি হয়ে ১০ জনকে আসামি করে এ মামলা করেন বলে ভুজপুর থানার ওসি বায়েছ আলম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলার প্রধান আসামি নজরুল ইসলামসহ সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নজরুল ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের রহমতপুরে অবৈধভাবে বাড়ি করে থাকছে বলে অভিযোগ আছে।
ওসি বায়েছ বলেন, সেখানে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার সময় বনকর্মীরা বাঁধা দিলে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে দখলকারীরা। এসময় আব্দুস সালাম (৫২) নিহত হয়।
