২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে দখলদারদের হামলায় বনকর্মী নিহত

ফটিকছড়িতে বন বিভাগের খাস জমি থেকে অবৈধ বসতি স্থাপনে বাধা দিতে গিয়ে দখলদারদের হামলায় নিহত হয়েছেন এক বনকর্মী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 05:25 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

বুধবার উপজেলার ভুজপুর থানার হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের রহমতপুরে এ ঘটনা ঘটে।

নিহত বনকর্মী আব্দুস সালামের (৫২) বাড়ি টাঙ্গাইলে।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) বখতেয়ার নূর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বনকর্মীরা বিটে টহলের সময় তারা অবৈধ দখলকারীদের বাধা দেন।

“এসময় দখলকারীরা দলবেঁধে বনকর্মীদের ওপর হামলা চালায়।”

ভুজপুর থানার ওসি বায়েছ আলম বলেন, বিটে অবৈধভাবে বসবাস করা এক ব্যক্তি পাকা ঘর তৈরি করছিল। বনকর্মীরা সেখানে বাধা দিলে লোকজন লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে।

“দখলকারীদের হামলায় বনকর্মী সালাম নিহত হন।”

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান ওসি বায়েছ।