২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা মেরুদণ্ডের, প্রতিবেদনে মস্তিষ্কের ক্যান্সার

চট্টগ্রামের একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টারে এক রোগীর মেরুদণ্ডের পরীক্ষা করে মস্তিকের ক্যান্সারের প্রতিবেদন দেওয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 09:18 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

নগরীর পাঁচলাইশ এলাকার শেভরন ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডে এ ঘটনা ঘটে।

সোমবার রাতে ভুল প্রতিবেদনটি পাওয়ার পর তা রোগীর স্বজনদের নজরে এসে। ভুল প্রতিবেদনের একটি ছবি ফেইসবুকে ওই রোগীর সন্তান শেয়ার করার পর বিষয়টি জানাজানি হয়।

পরে অবশ্য শেভরন কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঠিক প্রতিবেদন দেয়।

নাজির আহমেদ (৮০) নামের ওই রোগী নগরীর বেসরকারি চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

নাজির আহমেদের ছেলে মো. শাহিদুল কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। এক্সরে করে কিছু না পাওয়ায় ডাক্তার উনার মেরুদণ্ডের এমআরআই করতে বলেছিলেন।

“এমআরআই অব লম্বো সেক্রাল স্পাইন- নামের পরীক্ষাটি শেভরনে করানো হয়। মেডিকেল সেন্টারের লোকজনই সেই পরীক্ষার রিপোর্ট সেখান থেকে নিয়ে আসেন সোমবার রাত ১০টার দিকে।”

শাহিদুল কাওসার বলেন, “এরপর রিপোর্টটি নিয়ে আমরা বাবার চিকিৎসকের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই রিপোর্টের ফাইন্ডিংস ও ইমপ্রেশন অংশে মস্তিষ্কের বিভিন্ন অংশের বিষয়ে লেখা দেখতে পাই।

“এ বিষয়ে মেডিকেল সেন্টারের পক্ষে এবং ব্যক্তিগতভাবে শেভরনের সাথে যোগাযোগ করলে রাত ১২টার দিকে তারা বাবার সঠিক রিপোর্ট আমাদের দেয়।”

ভুল প্রতিবেদন দেওয়াকে পেশাদারিত্বের অভাব এবং দায়িত্বহীনতা বলে অভিহিত করেন শাহিদুল কাওসার।

এ বিষয়ে শেভরনের মহাব্যবস্থাপক পুলক পারিয়াল বলেন, “নাজির আহমেদের এমআরআই এবং মস্তিষ্কের সিটি স্ক্যান দুটো পরীক্ষাই করা হয়।

“রিপোর্ট তৈরির সময় কম্পিউটার অপারেটর অন্য একজন রোগীর সিটি স্ক্যানের ডেসক্রিপশনসহ প্রতিবেদনের একাংশ নজির আহমেদের এমআরআই প্রতিবেদনে ভুলবশত পেস্ট করে ফেলে।”

পুলক পারিয়াল বলেন, “ঘটনা জানার সাথে সাথেই দ্রুত আমি নিজে সবকিছু যাচাই করে দেখেছি। রিপোর্ট ডেলিভারির আগে শেষবার যিনি যাচাই করেন, সেই কর্মচারীসহ ওই কম্পিউটার অপারেটর রোগীর স্বজনদের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন।

“আমাদের এখানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগীর বিভিন্ন পরীক্ষা করা হয়। এতদিনে যদি একটা ভুলও হত আপনারা তো জানতে পারতেন। এরকম কখনো হয়নি। ভুল করার জন্য আমরা বসিনি, আমরা দায়িত্বশীল।”

পুলক পারিয়াল বলেন, “একটি ঘটনা ঘটেছে। তবে আমরা সাথে সাথেই শুধরেছি।”

ঘটনার বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, “একজনের প্রতিবেদন অন্য জনকে দেওয়া হয়েছে বলে শুনেছি।

“এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করব। তদন্তে দোষ পেলে তা জেলা প্রশাসনকে জানাব, উনারা ব্যবস্থা নেবেন।”