ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার র্যাবের হাতে
চট্টগ্রামে র্যাবের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ সদস্য।
শনিবার সকালে মিরাসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
এএসআই আবুল বাশার নামে এ পুলিশ সদস্য বর্তমানে বরাখাস্ত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে সংযুক্ত আছেন।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাশার মোটর সাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। বিশেষ চেকপোস্টে তাকে আটক করা হয়। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বেশকিছু ইয়াবা পাওয়া গেছে।
ফাহিম বলেন, “বাশার আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার শশীদলে মদ্যপ অবস্থায় অবৈধ মোটর সাইকেলসহ বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারপর থেকে বরাখাস্ত আছেন।”
বাশারের কাছ থেকে ৩২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাশার জানিয়েছেন, কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন তিনি। গত মাসেও বাশার নারায়ণগঞ্জে ইয়াবা নিয়ে গিয়েছিলেন।”
দ্বিতীয় দফায় ইয়াবা নিয়ে যাওয়ার পথেই এএসআই বাশার আটক হন।
