ঝগড়া থেকে মারামারি, রডের আঘাতে একজন নিহত
চট্টগ্রামের পাহাড়তলীতে ঝগড়ার জেরে একজনের লোহার রডের আঘাতে অপর এক রিকশাচালক নিহত হয়েছেন।
রোববার বিকাল পৌনে চারটার দিকে সদু চৌধুরী রোডের বশির শাহ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এসআই নজরুল ইসলাম।
নিহত মো. বাবুল (৫৫) দিনাজপুর সদরের গাউছিয়া গ্যারেজ এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি নগরীর সরাইপাড়া এলাকার লোহারপুলে থাকতেন।
এসআই নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বশির শাহ মাজার এলাকায় দুই রিকশার ঠোকাঠুকি লাগলে দুইজনের মধ্যে ঝগড়া থেকে মারামারি লাগে।
“এক পর্যায়ে অপর রিকশাচালক বাবুলকে লোহার রড দিয়ে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।”
বাবুলকে আঘাত করা রিকশাচালককে খোঁজা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
