সন্দ্বীপে এমপির বিরুদ্ধে অভিযোগ নৌকার মনোনয়নপ্রত্যাশীর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী এক আওয়ামী লীগ নেতা সন্দ্বীপে তার উপর হামলার জন্য দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।
দ্বীপ উপজেলা নিয়ে গঠিত আসন সন্দ্বীপে দশম সংসদ নির্বাচনে জিতে এখন সংসদ সদস্য আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা। স্বাধীনতা চিকিৎক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. জামালও সেখানে প্রার্থী হতে চাইছেন।
সংবাদ সম্মেলনে জামাল বলেন, “৩০ জুলাই সন্দ্বীপে অবস্থানকালে আমার গাড়িতে হামলা করা হয়। আমাকে শারীরিকভাবে নাজেহালের চেষ্টা করে কিছু সন্ত্রাসী। এতে আমাকে বহনকারী গাড়িটির গ্লাস ভেঙে যায়। সকলের শুভ কামনায় আমি অক্ষত ছিলাম।
“খবর নিয়ে জানতে পারি, হামলাকারীরা সন্দ্বীপের বর্তমান সাংসদ মাহফুজুর রহমান মিতার অনুসারী।”
নবম সংসদ নির্বাচনে সন্দ্বীপে আওয়ামী লীগের প্রার্থী জামাল বলেন, “এবারও আমি মনোনয়ন চাইব এবং আশা করি পাব। সেটা ঠেকিয়ে দেওয়ার জন্যই বারবার হামলা করা হচ্ছে।”
জামাল অভিযোগ করেন, সন্দ্বীপে তার উদ্যোগে পরিচালিত চিকিৎসা ক্যাম্পকে বাধাগ্রস্ত করতে বারবার হামলা করা হচ্ছে।
তিনি বলেন, “আমি সন্দ্বীপের সন্তান। সন্দ্বীপের মানুষ চিকিৎসার সংকটে আছে। তাই আমি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করি।
“হামলার কারণে সন্দ্বীপ পৌরসভার পাঁচজন নির্বাচিত কাউন্সিলর এলাকা ছাড়া। উপজেলা আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান শামীম নির্যাতনের কারণে এলাকা ছাড়া। নির্যাতনের শিকার উপজেলা আওয়ামী লীগের আরও অনেক নেতা। গত সংসদ নির্বাচনের পর ডজন খানেক খুনের ঘটনা ঘটেছে।”
সংবাদ সম্মেলনে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি ও নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন বলেন, “শুধু জামাল উদ্দিন চৌধুরী নন অনেকেই সন্দ্বীপে গিয়ে কাজ করতে পারেন না। এমন পরিস্থিতি যে সেখানে কোনো ভদ্রলোকের গিয়ে কাজ করার সুযোগ নেই।
“অনেকেই মনোনয়ন চাইবে। আমিও মনোনয়ন চাইব। তাই বলে কী আমি ডা. জামাল উদ্দিন চৌধুরীর মাথা ফাটাব?”
সংবাদ সম্মেলনে বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম বলেন, সন্দ্বীপে একচ্ছত্র আধিপত্য চলছে, যাতে জামাল উদ্দিন সেখানে যেতেই না পারেন সেজন্য হামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামাল চৌধুরী জানান, ৩০ জুলাইয়ের হামলার ঘটনায় তিনি সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
