২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি পূরণের প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে দিনভর বিক্ষোভের পর লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযানের প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামের সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 06:51 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৃহস্পতিবার সকালে বন্দর নগরীর বিভিন্ন স্থানে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা।

এই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে এদিন ছুটি ঘোষণা করলেও শিক্ষার্থীদের আটকাতে পারেনি। চট্টগ্রামের জিইসি মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, এ কে খান মোড়, লালখান বাজার ও খুলশী এলাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

এক পর্যায়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন পয়েন্টে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

তাদের আশ্বাসের পর বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক থেকে শিক্ষার্থীরা সরে যায়।

নগরীর মুরাদপুর ও দুই নম্বর গেট এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম, ওয়াসার মোড় ও জিইসি মোড় এলাকায় সহকারী কমিশনার তানভীর ফরহাদ শামীম, খুলশী, লালখান বাজার ও চান্দগাঁও এলাকায় সহকারী কমিশনার রঞ্জন চন্দ্র দে এবং নওশের ইবনে হালিম যান।

সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। জানিয়েছি, তাদের যৌক্তিক সব দাবি সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে।

“সে লক্ষ্যে কাজও শুরু হয়েছে। পরিবহন খাতে নৈরাজ্য বন্ধে আইন পরিবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া যাতে কোনো চালক সড়কে গাড়ি না চালায় সেজন্য নিয়মিত আমাদের ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করা হবে।”

“সাধারণ শিক্ষার্থীদের বলেছি, একজনের কাজ অন্যজন করলে বিপর্যয় সৃষ্টি হতে পারে। তারা যেন পড়ার টেবিলে ফিরে যায়। তারা আশ্বস্ত হয়েছে,” বলেন তৌহিদুল ইসলাম।

ঢাকার মতো চট্টগ্রামের শিক্ষার্থীরাও মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় গাড়ি আটকে চালকদের লাইসেন্স পরীক্ষা করে। শিক্ষার্থীরা আটটি গাড়ি আটক করে হাকিমদের হাতে দেয়। এসব গাড়ির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তৌহিদুল ইসলাম।

আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদের বলেছি তাদের আন্দোলনের সাথে সবাই একমত। বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা পথে থাকুক, সেটা অভিভাবক হিসেবে কেউ চান না। ফিটনেসবিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি যাতে রাস্তায় চলতে না পারে, সেজন্য সব ব্যবস্থা নেয়া হবে।”

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে নগরীর ইস্পাপানি স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মো. আরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল এ উদ্যোগ নিলে আজ আমাদের সড়কে নামতে হত না।

“জেলা প্রশাসক দুয়েক দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করবেন বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন। আমাদের দাবির কথা উনাকে বলব।”

সকালে নগরীর ওয়াসার মোড় ও দুই নম্বর গেট এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে যানবাহনের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে থাকে।

এসময় তারা চারটি পুলিশের গাড়ির কাগজপত্র ঠিক নেই বলে জানায়। পুলিশের একটি পিকআপ ভ্যানকে থামতে বলার পরও না থামায় শিক্ষার্থীদের ছোড়া ঢিলে এর চালক আহত হন।

বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী মানুষ ছাত্রদের সাথে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জড়ো হয়। তবে শিক্ষার্থীরাই ছিল নেতৃত্বে।

দুপুরে নগরীর জিইসি মোড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। শিক্ষার্থীদের ‘নিয়মতান্ত্রিক আন্দোলন’ করতে আহ্বান জানান তিনি।

আন্দোলনের মধ্যে দুপুরে জিইসি মোড় এলাকায় এক পুলিশ সদস্যকে চড় মারেন এক যুবক। পরে তাকে আটক করা হলে ওই যুবক বলেন, তিনি শিক্ষার্থী নন, নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা। এসময় শিক্ষার্থীরা তাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়।

দুপুরের দিকে নগরীর দুই নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকেও আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেছে।

এর আগে বুধবার বিকাল ও রাতে ফেইসবুকের বিভিন্ন পেইজ থেকে শিক্ষার্থীদের সঙ্গে অন্য শ্রেণি-পেশার মানুষকে যোগ দিতে আহ্বান জানানো হয়।

গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা; এরপর ঢাকার অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও সড়কে নামে। বিক্ষোভের কারণে গত পাঁচ দিন ধরে রাজধানী ঢাকার সড়ক প্রায় অচল হয়ে আছে।