ঋণে অনিয়ম: ৪ ব্যাংক কর্মকর্তা কারাগারে
পণ্য আমদানির নামে ব্যাংক থেকে দেড়শ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগের মামলায় চার ব্যাংক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ আদেশ দেন।
চার ব্যাংক কর্মকর্তা হলেন- অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নুরুল আমিন, প্রিন্সিপাল অফিসার শাহজাদুল আলম ও ইয়াসিন ফারুকী এবং সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাস।
এদের প্রথম তিনজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শাখায় কর্মরত।
মামলার আরেক আসামি সাবেক সহকারী মহা-ব্যবস্থাপাক মো. জোনায়েদ বোগদাদী হজে যাওয়ার কাগজপত্র দাখিল করায় আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার ১১ আসামির মধ্যে এই পাঁচজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
“সেসময় শেষ হওয়ার পর তারা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য একজন এবার হজে যাবেন। সে সংক্রান্ত নথিপত্র আদালতে দাখিলের পর আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।”
অপরিশোধিত পাম অয়েল আমদানির জন্য ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে চলতি বছরের ১৬ মে ডবলমুরিং থানায় মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সামসুল আলম।
এতে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক ও নগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আলমকে প্রধান আসামি করা হয়।
মামলায় মোহাম্মদ শামসুল আলমের পরিবারের পাঁচ সদস্য এবং অগ্রণী ব্যাংকের সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তাকেও আসামি করা হয়।
বাকি আসামিরা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক নুরুল আলম, চেয়ারম্যান নুরুল আবসার, পরিচালক জয়নব বেগম, শামসুল আলমের স্ত্রী কামরুন্নাহার বেগম, তাহমিনা বেগম, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নুরুল আমিন, সাবেক সহকারী মহা ব্যবস্থাপক মো. জোনায়েদ বোগদাদী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাস, প্রিন্সিপাল অফিসার শাহজাদুল আলম ও ইয়াসিন ফারুকী।
তাদের মধ্যে জোনায়েদ বোগদাদী ও উদয় কুমার বিশ্বাস অবসরে গেছেন।
মামলায় বলা হয়, ভোজ্য তেল শোধনকারী প্রতিষ্ঠান ইলিয়াছ ব্রাদার্সের পরিচালকরা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জামানতবিহীন ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা ঋণ নেয়।
“অন্য ব্যাংকের দায়-দেনা গোপন করে ইলিয়াছ ব্রাদার্স ব্যাংকের অর্থায়নে ঋণপত্র খুলে এবং ১১টি চেকের মাধ্যমে ১৯১ কোটি টাকার ভুয়া জামানত দেখিয়ে ইন্দোনেশিয়া থেকে ক্রুড পাম অলিন (অশোধিত পাম তেল) আমদানি করে।”
পরে তা খোলা বাজারে বিক্রি করলেও প্রতিষ্ঠানটি ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেনি অভিযোগ করে মামলাটি করে দুদক।
