২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির আড়াই হাজার কোটি টাকার বাজেট

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুদানের উপর নির্ভর করে দুই হাজার ৪২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 08:22 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

পুরনো খবর:

সিসিসির বাজেটে জলাবদ্ধতা নিরসনে ৪৬৭ কোটি টাকা
স্বউৎসে ভর করে সিসিসির ২ হাজার কোটি টাকার বাজেট
অনুদানে ভর করে সিসিসির ১৬শ কোটি টাকার বাজেট

অনুদান নির্ভর হলেও ‘নির্বাচনের বছর’ হওয়ায় বেশি অর্থ ছাড় হতে পারে এবং এতে ভর করে বাজেটের ‘সিংহভাগ’ বাস্তবায়নে আশাবাদও প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার নগর ভবনের মিলনায়তনে সিসিসির কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে নিজের মেয়াদে চতুর্থ বাজেট ঘোষণা করেন মেয়র নাছির।

২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আগের অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় প্রায় ৯৭ কোটি ৭৫ লাখ টাকা বেশি।

বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থ বছরের ৮৮৩ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়।

এবারের বাজেটে জলাবদ্ধতা নিরসনে আলাদা করে কোনো বরাদ্দ রাখা না হলেও এ সংশ্লিষ্ট দুটি খাতে মোট ৩০০ কোটি টাকা অনুদান প্রাপ্তি ও ব্যয়ের হিসেব দেখানো হয়েছে।

এরমধ্যে নগরীতে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন, নালার প্রতিরোধ দেয়াল, ব্রিজ ও কালভার্ট এর নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্পে আড়াইশ’ কোটি টাকা এবং বরাইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খননে ৫০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

নির্বাচনী বছরে ‘অর্থ ছাড় বাড়বে’

কর আদায়ের লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে থাকা এবং উন্নয়ন প্রকল্পের অনুদানের উপর ভর করে বিশাল বাজেট ঘোষণার পর এর বাস্তবায়নযোগ্যতা বিষয়ে মেয়রের কাছে জানতে চাওয়া হয়।

নাছির বলেন, সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া কর আদায়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কর পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।

“আমরাও যোগাযোগ করেছি। আর ব্যক্তিগত খাতের বকেয়া কর আদায়ে আমি উদ্যোগ নিয়ে ফলও পেয়েছি। আশা করি, কর আদায় বাড়বে।”

উন্নয়ন প্রকল্পের বরাদ্দ প্রাপ্তির বিষয়ে মেয়র বলেন, উন্নয়ন অনুদানে ১৬৮০ কোটি টাকা আয় ধরা হয়েছে। এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক।

“এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্প শুধু একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। কয়েকটি প্রকল্প অর্থ ছাড়ের অপেক্ষায় আছে। এটা নির্বাচনী বছর। অর্থছাড় বৃদ্ধি পাবে। গতবারের তুলনায় এবার অনেক বেশি পাব। টাকা প্রাপ্তির গতি এখন বেশি।”

মেয়র নাছির বলেন, এর বাইরে সিটি গভর্নমেন্ট প্রকল্প এবং জাইকার প্রকল্প থেকেও টাকা পাওয়া যাবে বলে এ বাজেট নগরবাসীর সহায়তায় বাস্তবায়ন সম্ভব।

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, “এ ধরনের কাজে ধারাবাহিকতা থাকা খুব জরুরি। সিডিএ ইতোমধ্যে মেগা প্রকল্পের কাজ শুরু করেছে।

“যেসব জায়গায় তারা কাজ করছে সেখানে আমরা দু-চারদিন আবর্জনা উত্তোলন না করলে কী অবস্থা হয়, গিয়ে দেখবেন। এর দুটি কারণ। বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা বালি এবং খাল-নালায় আর্বজনা নিক্ষেপ।”

সিটি মেয়র বলেন, “যেহেতু মেগা প্রকল্প তাই প্রতিটি খালের মাটি উত্তোলন সিডিএর কাজ। সিসিসির সেই সুযোগ নেই। তারপরও নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনায় রেখে আর্বজনা উত্তোলন অব্যাহত রেখেছি।”

ধারাবাহিক পরিকল্পনার অভাব এবং নগরীর মূল সড়কের এক-চতুর্থাংশের পাশেই ড্রেন না থাকা জলাবদ্ধতার অন্যতম কারণ বলেও মন্তব্য করেন মেয়র।

আয়-ব্যয়ের হিসাব

২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন অনুদান খাতে সর্বোচ্চ ১৬৮০ কোটি টাকা আয় ধরা হয়েছে। এর মধ্যে থোক বরাদ্দ থেকে সর্বোচ্চ তিনশ কোটি টাকা পাওয়ার হিসাব ধরা হয়েছে।

এরপর নগরীতে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন, নালার প্রতিরোধ দেয়াল, ব্রিজ ও কালভার্ট এর নির্মাণ ও পুনঃনির্মাণ প্রকল্পে আড়াইশ’ কোটি টাকা, জাইকা প্রস্তাবিত প্রকল্পে দুইশ’ কোটি টাকা এবং সড়ক নেটওয়ার্ক ও বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্পে দুইশ’ কোটি টাকা আয় ধরা হয়।

এর বাইরে বকেয়া ও অভিকর খাতে ১৯১ কোটি টাকা আয় ধরা হয়। যদিও গত অর্থ বছরে এ খাতে ৪৫ কোটি ২৫ লাখ টাকা আয় হয়েছে।

এছাড়া হালকর ও অভিকর খাতে আয় ধরা হয়েছে ১৪৪ কোচটি ৩৪ লাখ টাকা। অন্যান্য কর থেকে ১৩৩ কোটি এবং ফি বাবদ ৯৯ কোটি ৮০ লাখ টাকা আয় ধরা হয়।

এদিকে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন প্রকল্পে। এ খাতে ১৩৫৫ কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যদিও বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে ব্যয় হয়েছে ৩৯৫ কোটি ৯৫ লাখ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের খাত সিসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রামিক বাবদ ২৭২ কোটি ৬৮ লাখ টাকা। গত অর্থ বছরে এ খাতে ব্যয় হয় ২২০ কোটি ৭৫ লাখ টাকা।

পাশাপাশি উন্নয়ন রাজস্ব তহবিল ও অন্যান্য খাতে ১৯৩ কোটি টাকা এবং বকেয়া দেনা পরিশোধে ১৭৩ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অধিবেশনে বাজেটের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শফিউল আলম। সভাপতিত্ব করেন সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।