স্বউৎসে ভর করে সিসিসির ২ হাজার কোটি টাকার বাজেট
অভ্যন্তরীণ আয়কে প্রাধান্য দিয়ে ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ২ হাজার ২২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
নির্ধারিত সময়ের তিন মাস পর রোববার নগর ভবনে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
গত বছরের বাজেটে উন্নয়ন অনুদানকে আয়ের মূল উৎস ধরা হলেও এবারের বাজেটে অভ্যন্তরীণ আয়ের দিকে ঝুঁকেছে সিসিসি।
এবারের বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে আয় ধরা হয়েছে এক হাজার ১৯৭ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে হালকর ও অভিকর বাবদ আয় ধরা হয়েছে ৫৫০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার টাকা। বকেয়া কর ২৪২ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা আদায়ের লক্ষ্যও ঠিক করা হয়েছে।
সিটি মেয়র একইসঙ্গে গত বছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করেন।
গত বছর এক হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করলেও সংশোধিত বাজেটে তার পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫৯২ কোটি ৬৬ লাখ টাকা। বাস্তবায়নের হার ৩৬.৩০ শতাংশ।
দেরির ব্যাখ্যা নাছির বলেন, ‘বাস্তবমুখী ও কার্যকর’ একটি বাজেট দিতে তিনি এ সময় নিয়েছেন।
নতুন বাজেটে অন্যান্য কর বাবদ আয় ধরা হয়েছে ২২২ কোটি ২৭ লাখ টাকা, অন্যান্য ফি বাবদ ৬১ কোটি ৬৭ লাখ টাকা, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় বাবদ ৭২ কোটি ১২ লাখ টাকা, বিবিধ আয় ১৮ কোটি ১৫ লাখ টাকা ও ভর্তুকি বাবদ ২৪ কোটি ৫৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।
বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সিসিসি কর্মচারীদের বেতন-ভাতায়। বেতন-ভাতায় আগামী এক বছরে ব্যয় হবে ২৭৮ কোটি ৩৬ লাখ টাকা।
এছাড়াও মেরামত ও রক্ষণাবেক্ষণ, ভাড়া কর, বিদ্যুৎ, জ্বালানি ও পানি, কল্যাণমূলক, ডাক তার ও দূরালাপনী, বীমা, ভ্রমণ ও যাতায়াত, বিজ্ঞাপন ও প্রচারণা, প্রশিক্ষণ ব্যয়সহ মোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছে ৬৩০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।
গত বছরের বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় রাজস্ব বিভাগকে দায়ী করেন মেয়র।
“আমি যখন দায়িত্ব নিই তখন রাজস্ব বিভাগের প্রধান অবসরে চলে যান। এছাড়াও রাজস্ব বিভাগে নানা ধরনের দুর্নীতি ও অদক্ষতার কারণে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি।”
এখন ৪১টি ওয়ার্ডে কর মূল্যায়ন হচ্ছে জানিয়ে নাছির বলেন, গত বছরের বাজেটে এডিপির বরাদ্দ আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। রাজস্ব আদায়েও ‘যৌক্তিক’ অসুবিধা ছিল।
নগরীর জলাবদ্ধতা নিরসনে চীনের সহায়তা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন, “আমি সম্প্রতি চীন সফর করেছি। তাদের সাথে বিষয়টি নিয়ে আলাপও হয়েছে। নগরীর খালগুলো উদ্ধার করা গেলে জলাবদ্ধতা নিরসন হবে।
“নদী কমিশন এখন চট্টগ্রামে কাজ করছে। তাদের কাজই হল দখল ও দূষণে বিপর্যস্ত নদীগুলো উদ্ধার করা। আমিও নদী কমিশন গঠিত টাস্কফোর্সের সদস্য। নদী কমিশনের গাইডলাইন অনযায়ী উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।”
হকার উচ্ছেদের বিষয়ে একটি পরিসংখ্যান তুলে ধরে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীরতে ১২ লাখ বস্তিবাসী আছে যাদের কেনাকাটার আশ্রয় হল হকাররা।
“তাই পাইকারিভাবে হকারদের উচ্ছেদ করার পক্ষে আমি নই। তাদেরকে ব্যবসার সুযোগ দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে, যাতে ফুটপাত পথচারীবান্ধব হয়।”
গৃহকর বা হোল্ডিং ট্যাক্স আদায় ঠিকমতো করা গেলে এবারের বাজেটে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব বলে আশাবাদী মেয়র।
“হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি সফটওয়্যার আমরা চালু করতে যাচ্ছি। এটা চালু হলে নগরবাসীর কার উপর কত ট্যাক্স ধার্য করা হয়েছে, কীভাবে হয়েছে, সেটা ঘরে বসে জানতে পারবেন।”
এর ফলে দুর্নীতি করার সুযোগ বন্ধ হবে বলে আশাবাদী মেয়র মনে করছেন, তাহলে কর আদায়ও বাড়বে।
