হারুণ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে যুবদল নেতা হারুণ হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর মোগলটুলি কমার্স কলেজ রোড থেকে সোমবার রাতে গ্রেপ্তার এহাসানুল কবির মেহেদী (২৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।
সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেদী এজাহারনামীয় আসামি না হলেও আগে গ্রেপ্তার শরবত আলমগীর, সাবের ও মামুন জবানবন্দিতে তার নাম বলেছিল।
গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলী এলাকায় গুলি করে হত্যা করা হয় স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুণ অর রশিদ চৌধুরীকে। এ ঘটনায় নিহতের বড় ভাই হুমায়ুন চৌধুরী ১০ জনকে আসামি করে সদরঘাট থানায় মামলা করেছিলেন।
হত্যাকাণ্ডের পর বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করেন।
তবে গত ৬ ফেব্রুয়ারি মামুন ও শরবত আলমগীর নামে গ্রেপ্তার দুইজনের জবাবন্দির পর পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধে নয়, ট্রাকচালকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ফেরৎ দিতে বলায় খুন হন হারুণ।
ওসি নেজাম জানান, এজাহারনামীয় ১০ আসামির মধ্যে সাতজন কারাগারে আছেন।
