২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাকচালকের ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দিতে বলায় খুন হন হারুণ’

এক ট্রাক চালকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা হারুণকে হত্যা করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 08:42 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতে গ্রেপ্তার দুইজনের মধ্যে একজন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মো. মামুন হোসেন (২৮) ও মো. আলমগীর ওরফে শরবত আলমগীর (৩৫) নামের দুইজনকে সোমবার রাতে সদরঘাট থানা এলাকা থেকে গ্রেপ্তার পরে পুলিশ।

এদের মধ্যে মামুন মঙ্গলবার চট্টগ্রাম মহানগর ষষ্ঠ হাকিম মেহনাজ রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আর আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।

গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলী এলাকায় গুলি করে হত্যা করা হয় পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুণ অর রশিদ চৌধুরীকে। হত্যাকাণ্ডের পর বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করেছিলেন।

নিহত হারুণ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র প্রয়াত দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে।

ওসি নেজাম বলেন, জবানবন্দিতে মামুন জানিয়েছেন, শরবত আলমগীর ও মোহাম্মদ আলমগীর নামে অপর একজন গত ২৬ নভেম্বর কদমতলী এলাকায় এক ট্রাকচালকের কাছ খেকে ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছিলেন।

“এ ঘটনা জানার পর হারুণ দুইজনকে ডেকে নিয়ে টাকা ফেরত দিতে বললে মোহাম্মদ আলমগীরের সঙ্গে তার হাতাহাতি হয়।

“সেই বিরোধের জেরে মোহাম্মদ আলমগীর ও তার ভাই মো. হৃদয় গুলি করে হত্যা করে হারুণকে।”

জবানবন্দিতে মামুনের দেওয়া তথ্যের বরাত দিয়ে ওসি জানান, হত্যকাণ্ডের দিন কদমতলী এলাকায় আওয়ামী লীগের মিছিল শেষে শরবত আলমগীর, মোহাম্মদ আলমগীর ও হৃদয়ের সঙ্গে হারুণের কথা কাটাকাটি হয়।

“ঝগড়াঝাটির এক পর্যায়ে মোহাম্মদ আলমগীর ঘুষি মারার পর হৃদয় হারুণকে লাথি মেরে ফেলে দেয়। এসময় হারুণের কাছে থাকা পিস্তল পড়ে গেলে আলমগীর সেটা দিয়ে ও হৃদয় তার কাছে থাকা আরেকটি পিস্তল দিয়ে হারুণকে গুলি করে।

“হারুণকে গুলি করার পর শরবত আলমগীর ছুরি দিয়ে তাকে আঘাত করে। অপর একজন লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করার পর হারুণ মাটিতে পড়ে যান। এসময় মামুনসহ আরও কয়েকজন মিলে হারুণকে কিলঘুষি মেরে পালিয়ে যায়।”

ওসি নেজাম বলেন, “মামুন জবানবন্দিতে হারুণের যে পিস্তলের কথা জানিয়েছে আমরা তার সন্ধান পাইনি। সেটা বৈধ কিনা অবৈধ তাও খতিয়ে দেখা হবে।”

মোহাম্মদ আলমগীর ও হৃদয় মামলার এজাহারভুক্ত আসামি উল্লেখ করে ওসি বলেন, যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এজারভুক্ত আসামি নয়। বিভিন্ন আলামত সংগ্রহ ও তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারভুক্ত ১০ আসামির সবাই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানান তিনি।

পুরনো খবর:

হারুণ হত্যায় আরেকজন গ্রেপ্তার